বেলাল খানের সুরে নচিকেতা

আপডেট : ০৪ মার্চ ২০২৩, ০৬:১৪ এএম

আধুনিক বাংলা গানের প্রখ্যাত শিল্পী নচিকেতা চক্রবর্তী ৬ বছর পর বাংলাদেশে এসে প্রথমবারের মতো গাইলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বেলাল খানের সুরে। ‘তুমি তোমার কাক্সিক্ষত স্বপ্নের দিকে হেঁটে যাচ্ছ/আমার দিকে আর ফিরে তাকিয়ো না/কেউ পেছনে দাঁড়িয়ে আছে যদি মনে হয়/ অনিচ্ছাতে আর ঘাড় বাঁকিয়ো না/আমি তো ফুল শুকনো বকুল/দু’হাতে কুড়িয়ে নেওয়ার দিন শেষ/ ঝড় এলে আকাশ ভেঙে সূর্য হবেই নিরুদ্দেশ’ এমন দারুণ কথার গানটি লিখেছেন জনপ্রিয় গীতিকবি কবির বকুল। গানটি তৈরির পেছনের গল্পটি দারুণ। শোনালেন বেলাল খান, ‘সম্প্রতি নচিকেতা বাংলাদেশের চাঁদপুরে একটি অনুষ্ঠানে গান করতে আসেন। অনুষ্ঠান শেষে ঢাকায় ফিরে ওঠেন গীতিকবি বকুলের বাড়িতে। ঘরোয়া আড্ডায় কবির বকুল নচিকেতাকে গানের সুর শোনালে নচিকেতা তাৎক্ষণিক গানটি গাওয়ার ইচ্ছা পোষণ করেন এবং বলেন এই মুহূর্তে গান গাওয়ার জন্য গলা একদম রেডি আছে। তাছাড়া গানের কথা সুর তার ভীষণ পছন্দ হয়েছে। মগবাজার প্রোটিউন স্টুডিওতে রেকর্ডিং সম্পন্ন হয়।’ বেলাল খান তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘কভিডের সময় লকডাউন চলাকালে একদিন বকুল ভাই তার পুরানো ডায়েরি থেকে একটি কবিতা আমাকে সুর করতে বলেন। এর কিছুদিন পর সুর করে বকুল ভাইকে শোনাই। এবং আমরা দুজনেই ভাবতে থাকি গানটি কে গাইলে ভালো হবে? ফাইনালি বকুল ভাই যখন নচিকেতা দাদার কথা বললেন তখন আমি ভীষণ এক্সাইটেড ছিলাম গানটির দাদার কণ্ঠে তুলে দেওয়ার জন্য।’ কবির বকুল বলেন, ‘কবিতাটি এবারের বইমেলাতে প্রকাশিত দ্বিতীয় জীবন বইয়ের অন্যতম পছন্দের। বেলাল যখন সুর করে পাঠিয়েছিল তখন থেকেই ভাবনায় ছিল গানটি স্পেশাল কাওকে দিয়ে গাওয়ানোর। নচিকেতা দাদা গাওয়ার পর সত্যিই গানটি ভিন্নমাত্রা পেয়েছে।’ গান প্রসঙ্গে নচিকেতা বলেন, ‘নতুন প্রজন্ম দারুণ ভালো কাজ করে। ভালো কথা ভালো সুর সবসময় আমাকে আকৃষ্ট করে। বকুল এবং বেলাল মিলে যে গানটি তৈরি করছে, মনে হয়েছে গানটি আমি না গাইতে পারলে ভীষণ মিস হয়ে যেত।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত