নবজাতক অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২

আপডেট : ০৫ মার্চ ২০২৩, ০৫:৩৭ এএম

সাত দিনের এক নবজাতককে অপহরণ করে এক লাখ টাকা মুক্তিপণ দাবিকারী দম্পতিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তারা হলেন মো. রুবেল শেখ (৩৫) ও তার স্ত্রী তানিয়া আফরোজ (২৩)।

গত শুক্রবার রাতে র‌্যাব-৪-এর একটি দল যশোরের অভয়নগর থানার আমতলা এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারীদের গ্রেপ্তার করে। উদ্ধার করা হয়েছে অপহরণের শিকার নবজাতককেও।

গতকাল শনিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ঢাকা জেলার ধামরাই থানার ঢুলিভিটা এলাকার বাসিন্দা মিলি আক্তার। তিনি গৃহপরিচারিকা হিসেবে অন্যের বাসায় কাজ করেন। গর্ভাবস্থায় স্বামী আরেকটি বিয়ে করে অন্যত্র চলে যান। এরই মধ্যে গত ১৯ ফেব্রুয়ারি পুত্রসন্তানের জন্ম দেন মিলি। তার অসুস্থতার সময় দেড়-দুই মাস ধরে পরিচিত রুবেল ও তানিয়া আফরোজা নামের এক দম্পতি নিয়মিত খোঁজখবর ও নানা সহযোগিতার হাত বাড়ান। এভাবে তাদের সঙ্গে মিলির ভালো সম্পর্ক গড়ে ওঠে। এরই ধারাবাহিকতায় গত ২৬ ফেব্রুয়ারি রাতে রুবেল ও তার স্ত্রী তানিয়ার কাছে নবজাতক সন্তানকে রেখে ওষুধ আনতে বাইরে যান। এই সুযোগে শিশুটিকে নিয়ে পালিয়ে যান রুবেল ও তানিয়া।

ভুক্তভোগী মিলি আক্তার কুড়িগ্রামের রাজারহাট উপজেলার পাঠানপাড়া এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ধামরাইয়ের ঢুলিভিটা এলাকার বিভিন্ন বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করে আসছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত