জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সিনেট, সিন্ডিকেট, শিক্ষা পর্ষদ, ডিন ও অর্থ কমিটির মেয়াদোত্তীর্ণ পদে নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপিপন্থি শিক্ষকরা। গতকাল শনিবার জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ১৯৭৩ সালের বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ সমুন্নত রাখা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিশেষ করে উপাচার্যের আইনগত দায়িত্ব ও নৈতিক কর্তব্য। কিন্তু দীর্ঘদিন হলো বিশ্ববিদ্যালয়ের সিনেট, সিন্ডিকেট, শিক্ষা পর্ষদ, ডিন ও অর্থ কমিটির মতো গুরুত্বপূর্ণ পর্ষদ মেয়াদোত্তীর্ণ হয়েছে। তা সত্ত্বেও বিধি মোতাবেক নির্বাচন অনুষ্ঠানের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৫ জুন সবশেষ সিন্ডিকেট নির্বাচন অনুষ্ঠিত হয়। সে হিসেবে ২০১৮ সালের জুনে নির্বাচিত সব সদস্যের মেয়াদ শেষ হয়। ডিন নির্বাচন হয়েছিল শেষবার ২০১৬ সালের ১০ মে। অধ্যাদেশের ২৫(৫) ধারা অনুযায়ী ডিনের মেয়াদ দুই বছর। সেই হিসেবে সকল ডিন মেয়াদোত্তীর্ণ হয়েছেন সাড়ে চার বছর আগে। এদিকে গত আড়াই যুগ ধরে জাকসু ও হল সংসদ নির্বাচন না হওয়ায় সিনেটে ছাত্র প্রতিনিধির পাঁচটি পদ খালি রয়েছে। ৯৩ জন সিনেট সদস্যের বাকি ৮৮ জনের মধ্যে নির্বাচিত ও মনোনীত হয়ে আসা ৮৩ জনের মেয়াদই শেষ হয়েছে। আর ৯ সদস্যের অর্থ কমিটিতে পদাধিকার বলে বৈধ মেয়াদে রয়েছেন শুধু উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ।
