সাকিবকে চেঁচিয়ে ডাকলেন তামিম

আপডেট : ০৫ মার্চ ২০২৩, ০৪:৪৫ পিএম

ঢাকায় সিরিজ খুইয়ে টাইগাররা এখন চট্টগ্রামে। সাগরিকায় ইংল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে মাঠে নামবে তারা। আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট দেখছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এসময় পাশে ছিলেন স্টেডিয়ামের দুই কিউরেটর প্রভিন হিঙ্গানিকার ও জাহিদ রেজা।

পিচ পর্যবেক্ষণের এক পর্যায়ে তামিম ডাক দেন সাকিবকে। সাকিব তখন ব্যস্ত ছিলেন হাতের ফুটবল নিয়ে। তামিমের ডাক তাঁর কানে পৌঁছায়নি। তামিমও সেটি বুঝতে পেরেছিলেন। তাই আরও একবার চেঁচিয়ে উঠলেন, ‘সাকিব! এই সাকিব!’

সবাই ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচের জন্য তৈরি উইকেট দেখছিলেন। একজন-আরেকজনের সঙ্গে কথা বলছিলেন। সেই আলোচনায় সাকিবকেও অংশ নেওয়ার জন্যই এভাবে ডাকছিলেন তামিম। সাকিবের মত নেওয়াটা জরুরি ছিল ওয়ানডে অধিনায়কের। সে জন্যই দূর থেকে চেঁচিয়ে অভিজ্ঞ অলরাউন্ডারকে ডাকছিলেন।

এবার সাকিবের আশপাশের কয়েকজন তামিমের ডাক শুনতে পেয়ে বার্তাটা সাকিবের কাছে পৌঁছে দিলেন। একজন বললেন, ‘সাকিব ভাই, আপনাকে ডাকে তামিম ভাই।’

সেটি শুনতে পেয়ে ফুটবল রেখে মাঠের মাঝখানে দাঁড়িয়ে থাকা তামিমের দিকে হাঁটা দেন সাকিব। কয়েক মুহূর্ত পর মাঝ উইকেটে হাথুরুসিংহে, তামিম ও সাকিব জড়ো হলেন।

তিনজনের আলোচ্য বিষয় যে চট্টগ্রামের উইকেট, সেটি বোঝা যাচ্ছিল সাকিব-তামিমের শরীরীভাষায়। সাকিব বাঁহাত ঘুরিয়ে উইকেটের বাঁক কতটুকু হতে পারে, সেটি বোঝাচ্ছিলেন। তামিমও হাতের ব্যাট দিয়ে শ্যাডো করছিলেন কিছুক্ষণ। তিনজনের আলাপটা চলল মিনিট পাঁচেক।

বাংলাদেশ ক্রিকেট দলের সিনিয়র দুই ক্রিকেটারের আলোচনা ক্যামেরাবন্দী করায় ব্যস্ত সংবাদকর্মীরা। এই মুহূর্তে দুজনকে এক ফ্রেমেবন্দী করাটাই বড় বিষয়। এ আলোচনায় ব্যক্তিগত সম্পর্কের শীতলতা যে খেলায় প্রভাব ফেলে না সেটাই বুঝিয়ে দিলেন। মাঠে তাদের সম্পর্ক আগের মতোই আছে, সেটাও মনে করিয়ে দিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত