ব্যাট হাতে ছিলেন দাপুটে। পরে ছড়ি ঘুরিয়েছেন বল হাতেও। তুলে নিয়েছেন চার ইংলিশ ব্যাটসম্যানের উইকেট। তাতেই প্রথম বাংলাদেশি হিসেবে কীর্তিটা গড়ে ফেলেন সাকিব আল হাসান। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম কোনো টাইগার বোলার হিসেবে ৩০০ উইকেট শিকার করলেন তিনি।
১৪তম বোলার হিসেবে ওয়ানডেতে ৩০০ উইকেটের ক্লাবে যোগ দিলেন সাকিব। তৃতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৩০০ উইকেট ও ৬০০০ হাজার রানের ক্লাবে যোগ দিলেন তিনি। সাকিবের আগে শহীদ আফ্রিদি ও সনাৎ জয়াসুরিয়া এই কীর্তি গড়েছেন।
আজ সাকিবের প্রথম শিকার ছিলেন ইংলিশ ওপেনার ফিল সল্ট। দ্বিতীয় শিকার ইংলিশ ওপেনার জেসন রয়কে বোল্ড করেন। দুর্দান্ত এক ডেলিভারিতে কট বিহাইন্ড হন ডানহাতি ব্যাটসম্যান জেমস ভিন্স।
তবে চতুর্থ উইকেটের জন্য সাকিবকে অবশ্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। দ্বিতীয় স্পেলের পর লম্বা বিরতি দিয়ে সাকিবকে বোলিংয়ে আনেন তামিম ইকবাল। নতুন স্পেলের দ্বিতীয় বলেই সে অপেক্ষার অবসান ঘটে। রেহান আহমেদকে শর্ট মিড উইকেটের ক্যাচে পরিণত করে সতীর্থদের সঙ্গে ৩০০ উইকেট উদ্যাপনে মাতেন সাকিব।
