বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবিরের বিরুদ্ধে নিয়মনীতি ভঙ্গ করে অর্থ উত্তোলন ও প্রতারণার মাধ্যমে কোম্পানির মালিকানা দখলের অভিযোগ তুলেছেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফা রফিকুল ইসলাম। গত রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে আলমাসের বিরুদ্ধে লিখিত অভিযোগে মোস্তাফা রফিকুল ইসলাম বলেন, মেট্রোনেটের শেয়ারহোল্ডার প্রতিষ্ঠান রহিমআফরোজ ও সৈয়দ আলমাস কবির যোগসাজশে ২০২০-২১ অর্থবছরে প্রায় ৩ কোটি টাকা এবং ২০২২-২৩ অর্থবছরে প্রায় ৮ কোটি টাকা শেয়ার ক্রয়ের নামে মেট্রোনেট থেকে সরিয়ে নিয়েছেন সৈয়দ আলমাস কবির। আলামাস মেট্রোনেটের ২ শতাংশের মালিক।
তিনি আরও বলেন, আলমাস কবির ষড়যন্ত্রমূলকভাবে ৮ ডিসেম্বর থেকে বিভিন্ন ব্যাংকে লেনদেন বন্ধের জন্য বেআইনিভাবে চিঠি দিয়ে চলেছেন। কোম্পানি বিরোধী কার্যকলাপের কারণে তাকে প্রথমে সিইও পদ থেকে অ্যাডভাইজার পদে এবং পরে তার এই কোম্পানির বিপক্ষে অসাধু কার্যকলাপ ও ধারাবাহিকভাবে ৩টির অধিক বোর্ড মিটিংয়ে অনুপস্থিত থাকার কারণে তাকে পরিচালক এবং ব্যবস্থাপনা পরিচালক উভয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোস্তাফা রফিকুল ইসলাম বলেন, ‘অবৈধভাবে কোম্পানির ব্যাংক হিসাব থেকে মোট প্রায় ১১ কোটি টাকা তুলে নেওয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শিগগির আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস আজম খান, উপব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল আলম প্রমুখ।
