সরকারের ব্যর্থতায় ঢাকা বিস্ফোরণের নগরী : ফখরুল

আপডেট : ০৯ মার্চ ২০২৩, ০২:২৬ এএম

গুলিস্তান ও সীতাকুণ্ডে সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘সরকারের সীমাহীন ব্যর্থতার কারণে রাজধানী ঢাকা এখন বিস্ফোরণের নগরী।’

গতকাল বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে আয়োজিত এক শোভাযাত্রা-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন। সাম্প্রতিক বিস্ফোরণের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, ‘দুর্ভাগ্য আমাদের। এই সরকারের ব্যর্থতার কারণে ঢাকা মহানগরী বিস্ফোরণের নগরীতে পরিণত হয়েছে। বিপজ্জনক নগরীতে পরিণত হয়েছে। কয়েক দিন ধরে শুধু বিস্ফোরণ হচ্ছে। নিয়মিত তদারকির অভাবে এসব দুর্ঘটনা ঘটছে।’

তিনি বলেন, ‘যে ভবনে বিস্ফোরণ হচ্ছে, সেই ভবন ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা হয় না। জমে থাকা গ্যাস বিস্ফোরণে সায়েন্স ল্যাবে তিনজন মারা গেলেন। গত মঙ্গলবার একটি বাণিজ্যিক ভবনে বিস্ফোরণের ফলে ১৭ জন মারা গেছেন, যাদের মধ্যে দুজন মহিলা। এর আগে চট্টগ্রামে বিস্ফোরণে সাতজন মারা যান। কেন হচ্ছে এসব? সরকারের যে ডিপার্টমেন্টগুলো রয়েছে, যাদের এগুলো দেখার কথা, নজরদারিতে রাখার কথা। তারা কোনো কাজ করে না, সব দুর্নীতির সঙ্গে জড়িত, যার কারণে এই ভবনগুলোতে কোনো নিরাপত্তা নেই। বিস্ফোরণ প্রতিরোধ করার, আগুনকে প্রতিরোধ করার কোনো ব্যবস্থা না থাকার কারণে মানুষ প্রাণ হারাচ্ছে।’

মির্জা ফখরুল বলেন, ‘ঢাকা মহানগরের যে বাতাস, সেটাকে বলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দূষিত বাতাস। ইংল্যান্ডে প্রকাশিত ইকোনমিকস পত্রিকা বলছে, ‘এখন দুর্নীতির বাতাস বাংলাদেশকে গ্রাস করছে।’

তিনি বলেন, ‘দুর্ভাগ্য আমাদের, নারী প্রধানমন্ত্রীর সময়ে নারী নির্যাতন সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। আমাদের পাশে দাঁড়িয়ে আছেন মহিলা দলের সাধারণ সম্পাদক। তিনি একজন সাবেক এমপি। তাকে শুধু কথা বলার অপরাধে, পোস্ট করার অপরাধে ডিজিটাল সিকিউরিটি আইনে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে আড়াই মাস অমানবিক নির্যাতন করে আটক রাখা হয়। সাবেক এমপি হিসেবে ডিভিশন তার প্রাপ্য কিন্তু তাকেও দেওয়া হয়নি।

মহিলা দলের নেত্রীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘বোনরা, আপনাদের আরও বেশি সোচ্চার হতে হবে। আরও বেশি সংগঠিত হতে হবে। দেশের মানুষ, বিশেষ করে মহিলাদের সংগঠিত করতে হবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়া। আমি যেখানেই যাই, বয়স্ক মহিলারা জিজ্ঞেস করেন, খালেদা জিয়া কেমন আছেন? তিনি তাদের বুকের মধ্যে রয়েছেন। তারা খালেদা জিয়ার মুক্তির জন্য বড় আন্দোলন গড়ে তুলবেন। চলমান আন্দোলনে তারা আরও বেশি করে শরিক হবেন।’

সে সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদ, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক নায়াবা ইউসুফ, দক্ষিণের আহ্বায়ক রুমা আক্তার প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত