আসন্ন রমজান মাস উপলক্ষে আজ বৃহস্পতিবার থেকে ভর্তুকি মূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পাঁচ পণ্য চিনি, মসুর ডাল, সয়াবিন তেল, ছোলা ও খেজুর বিক্রি শুরু হচ্ছে। রাজধানীর তেজগাঁওয়ে তিব্বত মোড় সংলগ্ন টিসিবি আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কার্যক্রম শুরু হচ্ছে বলে গতকাল বুধবার জানিয়েছেন টিসিবির যুগ্ম পরিচালক হুমায়ুন কবির।
টিসিবি জানিয়েছে, একজন কার্ডধারী ৬০ টাকায় এক কেজি চিনি, প্রতি কেজি ৭০ টাকায় সর্বোচ্চ ২ কেজি মসুর ডাল, ১১০ টাকা লিটার দরে সর্বোচ্চ ২ লিটার বোতলজাত সয়াবিন তেল, ৫০ টাকায় এক কেজি ছোলা ও ১০০ টাকা দরে এক কেজি খেজুর কিনতে পারবেন। তবে খেজুর শুধুমাত্র ঢাকা সিটি করপোরেশন এলাকায় বিক্রি হবে।
টিসিবির যুগ্ম পরিচালক মো. হুমায়ুন কবির বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষে দেশব্যাপী ১ কোটি ফ্যামেলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মধ্যে বৃহস্পতিবার থেকে পাঁচ পণ্য ভর্তুকি মূল্যে বিক্রি শুরু হবে। পর্যাপ্ত পরিমাণে পণ্য মজুদ রাখা আছে। ডিলাররা নিয়ম মেনে পণ্য বিক্রি করবে।
রাজধানীতে টিসিবির আঞ্চলিক কার্যালয়ের সামনে থেকে এ কার্যক্রমের উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
