যুদ্ধের এক বছর দুই সপ্তাহ পর ইউক্রেন জুড়ে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এ ছাড়া ছোড়া হয়েছে শেল। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার কমপক্ষে ৮১টি ক্ষেপণাস্ত্র ছোড়ে রাশিয়া। হামলায় মস্কো ছয়টি কিনজাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা। রাশিয়াকে এর আগে এক দিনে একসঙ্গে এত হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়তে দেখা যায়নি। ইউক্রেন বলছে, রাশিয়ার ক্ষেপণাস্ত্রের কারণে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ইউক্রেনের গ্রিড থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ছাড়া ১০টি অঞ্চলের স্থাপনা ও আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। হামলায় অন্তত নয়জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলের কর্র্তৃপক্ষ। ইউক্রেনের জরুরি বিভাগের ভাষ্যমতে, ক্ষেপণাস্ত্রে পশ্চিমাঞ্চলীয় লভিভ অঞ্চলের একটি গ্রামের বাড়ি ধসে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। ক্ষেপণাস্ত্রে মধ্যাঞ্চলীয় দিনিপ্রো অঞ্চলে একজন এবং খেরসনে গোলার আঘাতে আরও তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
×
