তুরস্কে পার্লামেন্ট-প্রেসিডেন্ট নির্বাচন একই দিনে

আপডেট : ১০ মার্চ ২০২৩, ০৯:৫৭ পিএম

তুরস্কে একই দিনে পার্লামেন্ট এবং প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১০ মার্চ) দেশটির বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান তারিখটি নিশ্চিত করেছেন। এরদোয়ান বলেন, আগামী ১৪ মে পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেবে তুরস্কের মানুষ।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, দুই দশকের মধ্যে তুরস্কের এই নির্বাচন সব থেকে গুরুত্বপূর্ণ হতে পারে। এরদোয়ানের দুই দশকের ক্ষমতায় তুরস্ক বেশ কিছু ক্ষেত্রে ঝুঁকির মধ্যে রয়েছে।

গত ৬ ফেব্রুয়ারি দেশটিতে ভয়াবহ ভূমিকম্পের কারণে অনেকেই মনে করেছিল নির্বাচন পিছিয়ে দিতে পারে এরদোয়ান সরকার। তবে নির্বাচন পেছানোর সিদ্ধান্ত নেননি তিনি। অনেকের মতে, আসন্ন নির্বাচনে এরদোয়ানের জয়লাভ করার সম্ভাবনাই বেশি। আরও একবার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে পারেন ২১ বছর ধরে ক্ষমতায় থাকা এরদোয়ান।

দেশটিতে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন সামনে রেখে প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) নেতৃত্বে ছয়টি দল নিয়ে জোট গঠিত হয়েছিল। তবে শুক্রবার জোটের অন্যতম শরিক গুড পার্টি (আইপি) জোট থেকে বেরিয়ে গেছে। এতে ন্যাশনাল অ্যালায়েন্স এখন পাঁচ দলের জোটে পরিণত হয়েছে, যেখানে সিএইচপিই একমাত্র বড় দল।

ডেইলি সাবাহর প্রতিবেদনে বলা হয়েছে, গুড পার্টির চেয়ারপারসন মেরাল আকসেনার সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তার দলের পক্ষ থেকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আঙ্কারার মেয়র মনসুর ইয়াভাস এবং ইস্তান্বুলের মেয়র একরেম ইমামোগ্লুর নাম প্রস্তাব করা হয়। কিন্তু জোটের অন্য শরিকরা তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তারা প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কামাল কিলিচদারোগ্লুকে বেছে নিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত