ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ২৮৪ রানের বড় জয় তুলে নিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।
জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে শনিবার ৩৯১ রানের লক্ষ্যে খেলতে নেমে ১০৬ রানে গুটিয়ে যায় সফরকারীদের দ্বিতীয় ইনিংস।
সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট ৮৭ রানে জিতে প্রোটিয়ারা। জোহানেসবার্গে তাদের এই জয়ে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হলো ওয়েস্ট ইন্ডিজ।
চতুর্থ দিনের শুরুতে প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংস থামে ৩২১ রানে। এরপর উইন্ডিজ ব্যাট করতে নেমে লাঞ্চের আগেই ৩৪ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে।
সপ্তম উইকেটে জেসন হোল্ডার ও উইকেটরক্ষক জশুয়া ডি সিলভা কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে তাদের জুটি ৪৮ রানেই থামলে আর লড়াই জমাতে পারেনি দলটি।
জশুয়া ডি সিলভা সর্বোচ্চ ৩৪ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান আসে হোল্ডারের ব্যাট থেকে। ১৮ রান করে করেছেন ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট ও দশ নম্বরে নামা আলজারি জোসেফ।
আগের দিনের ৭ উইকেটে ২৮৭ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল প্রোটিয়ারা। সেঞ্চুরিয়ান তেম্বা বাভুমা আর ১ রান যোগ করতে পেরেছেন। ১৭২ রানে থামেন প্রোটিয়া অধিনায়ক।
শেষ দিকে কাগিজো রাবাদার ১০ বলে ১৬ রানের সুবাদে অলআউট হওয়ার আগে স্কোর বোর্ডে ৩২১ রান যোগ করে দক্ষিণ আফ্রিকা।
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৩২০ রানের বিপরীতে ওয়েস্ট ইন্ডিজ করেছিল ২৫১ রান।
ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস গুঁড়িয়ে দিতে সর্বাধিক ৩টি করে উইকেট নিয়েছেন সিমন হারমার ও জেরাল্ড কুটসিয়া। ২টি করে উইকেট নিয়েছেন কাগিজো রাবাদা ও কেশভ মহারাজ।
ম্যাচসেরা হয়েছেন ৭ বছর পর শতকের দেখা পাওয়া বাভুমা।
