ফুটবলার লাল কার্ড দেখলে যে দেশ আদায় করবে কর

আপডেট : ১৩ মার্চ ২০২৩, ১১:৫৭ এএম

লাল কার্ড দেখলেই ফুটবলারদের পেতে হয় নিষেধাজ্ঞা। দিতে হয় ৫০০ থেকে ১০০০ ইউরো জরিমানাও। এই লাল কার্ড দেখা ফুটবলারের ক্লাবই জরিমানার অর্থ পরিশোধ করে। সেই জরিমানা কোন প্রক্রিয়ায় কোষাগারে জমা পড়ে সেটা বোঝার চেষ্টা করেছে বেলজিয়ামের অর্থ মন্ত্রণালয়। কারণ, তারা মনে করে পেশাদার ফুটবলে লাল কার্ড থেকেও কর সংগ্রহের সুযোগ আছে।

বেলজিয়ামের সংবাদমাধ্যম ‘হেত নিউজ্লাদ’ এর এক প্রতিবেদনে উঠে এসেছে তথ্যটি। বেলজিয়ামের অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র ফ্রান্সিস আদিনস সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, এই জায়গাতেই কর সংগ্রহের সুযোগ দেখছেন তারা। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

আদিনসের ভাষায়, ‘ক্লাব যদি জরিমানার অর্থ পরিশোধ করে, তাহলে সেটি উপকার করাই। এটা অনেকটাই একজন ব্যবসায়ীর তার কর্মীর বেতনের পাশাপাশি অতিরিক্ত সুবিধা দেওয়ার মতো।’

বেলজিয়ামের সংবাদমাধ্যমটিকে আদিনস ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, ‘প্রতিষ্ঠান থেকে যখন কোনো কর্মী ল্যাপটপ কিংবা গাড়ি উপহার পান, ক্লাবের জরিমানা দেওয়ার বিষয়টিও তেমনই একটি সুবিধা। অর্থাৎ, ক্লাবের এই জরিমানা পরিশোধ করার ওপর কর সংগ্রহের সুযোগ দেখছে দেশটির অর্থ মন্ত্রণালয়।’

স্প্যানিশ সংবাদ সংস্থা ‘ইএফই’ ও ‘হেত নিউজ্লাদ’ জানিয়েছে, ২০১৯–২০ অর্থবছরে বেলজিয়ামের ২১টি পেশাদার ক্লাবে এ নিয়ে জরিপ চালিয়েছে অর্থ মন্ত্রণালয়। এ সময় ক্লাবগুলো জরিমানা দিয়েছে মোট ৫ লাখ ১৩ হাজার ৮৫৯ ইউরো।

আদিনস আরও বলেছেন, ‘কর কর্তৃপক্ষের নজর এড়িয়ে যায়, এমন লেনদেন আমরা পরিহার করতে চাই। এখানে অবশ্যই কর পরিশোধ করতে হবে। সেটি ২০ শতাংশ থেকে ৫০ শতাংশও হতে পারে। অবশ্য তা ব্যক্তির, যিনি লাল কার্ড দেখছেন তার আয়ের ওপর নির্ভর করছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত