ক্রেস্ট সিকিউরিটিজ এমডির বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১২:৫৭ এএম

বিনিয়োগকারীদের অর্থ আত্মসাতের অভিযোগে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য প্রতিষ্ঠান ক্রেস্ট সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শহিদুল্লাহর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. রফিকুজ্জামান বাদী হয়ে কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি করেন।

এজাহারে বলা হয়, আসামি জালিয়াতি প্রতারণা করে বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির ৬৫ কোটি ৩৩ লাখ টাকা আত্মসাৎ করেছেন। তার বিরুদ্ধে দ-বিধির ৪০৬ ও ৪০৯ ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে, যা শাস্তিযোগ্য অপরাধ।

এজাহারে আরও বলা হয়, ক্রেস্ট সিকিউরিটিজ ও এই কোম্পানির পরিচালনা পর্ষদ কর্তৃক বিনিয়োগকারীদের অর্থ আত্মসাতের অভিযোগে ডিএসই মনোনীত একজন কর্মকর্তা সম্প্রতি রাজধানীর পল্টন থানায় জিডি করেন। জিডির অভিযোগটি দুদকের তফসিলভুক্ত হওয়ায় পল্টন থানা অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ না করে অনুসন্ধানের জন্য কমিশনে পাঠায়। পরে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী দুদক উপপরিচালক মো. রফিকুজ্জামান ও উপপরিচালক মো. তানজির হাসিব সরকারের সমন্বয়ে গঠিত টিম অভিযোগটি অনুসন্ধান করে।

অনুসন্ধানে ক্রেস্ট সিকিউরিটিজের এমডি মো. শহিদুল্লাহর বিরুদ্ধে বিনিয়োগকারীদের অনুমতি ব্যতীত তাদের শেয়ার বিক্রির মোট ৬৫ কোটি ৩৩ লাখ ৩৭ হাজার ৪৭৪ টাকা অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়া যায়। অর্থ আত্মসাতের ওইসব তথ্যপ্রমাণের ভিত্তিতে মামলাটি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত