পুলিশ হেফাজতে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

আপডেট : ১৪ মার্চ ২০২৩, ০২:২১ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় সিরাজ মিয়া (৭০) নামে এক সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নরসিংদী কারাগারে নিয়ে যাওয়ার পথে গতকাল সোমবার দুপুরে উপজেলার ভুলতা এলাকায় মৃত্যুর এ ঘটনা ঘটে।

মারা যাওয়া সিরাজ মিয়া নরসিংদীর মনোহরদী উপজেলার কুড়ি পাইকিয়া এলাকার মৃত আদম আলীর ছেলে।

রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ জানান, ২০০৬ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় গত বছর ৩১ মে নরসিংদীর যুগ্ম দায়রা জজ আদালতের রায়ে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ৪ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদ- দেওয়া হয়েছিল সিরাজ মিয়াকে। তাকে নরসিংদী কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। বেশ কিছুদিন ধরে তিনি শ্বাসকষ্ট ও জ¦রে ভুগছিলেন। কারাগারের ব্যবস্থাপনায় তাকে চিকিৎসা দেওয়া হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশ হেফাজতে পুলিশের গাড়িতে করে নরসিংদী কারাগারে নিয়ে যাওয়ার পথে গতকাল দুপুর ১টার দিকে ভুলতা এলাকায় হঠাৎ করে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। পরে পাশের আল রাফি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের ঢাকা জেলার অপরাধ বিভাগের পরিদর্শক মিজানুর রহমান বলেন, এসআই মুকুল মিয়াসহ পুলিশ সদস্যদের হেফাজতে নরসিংদী নিয়ে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়লে সিরাজ মিয়ার মৃত্যু হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মারুফের অনুমতি নিয়ে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। সেখান থেকে পরিবারের কাছে লাশ হস্তান্তর করার কথা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত