বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। তার খেলার ধরন মুগ্ধ করে সবাইকে। তাই চট্টগ্রামের তামিমের ভক্ত বরিশালের শাহীন ফকির। স্বপ্ন ছিল একদিন টাইগার ওপেনারের সঙ্গে দেখা করবেন তিনি। তাকে বলবেন তার জমানো কথাগুলো। অবশেষে সেই স্বপ্ন পূরণ হয়েছে শাহীনের।
আজ তামিমের আমন্ত্রণে গ্র্যান্ড সিলেট হোটেলে আসেন শাহীন। সেখানে তামিম নিজেই তার ভক্তকে স্বাগত জানান। কথাও বলেন কিছুক্ষণ। এসময় উপস্থিত ছিলেন মুশফিকুর রহিম ও বাংলাদেশ ক্রিকেট পরিচালনা বিভাগের ডেপুটি ম্যানেজার শাহরিয়ার নাফীস। যা ছিল শাহীনের জন্য বাড়তি পাওনা।
পরে শাহীনের সঙ্গে আলাপচারিতার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তামিম ক্যাপশনে লিখেছেন, ‘যত্নে থাকুন, আপনার যা আছে, তা-ই নিয়ে খুশি থাকুন। সর্বদা বলুন আলহামদুলিল্লাহ। আজ বরিশাল থেকে আসা এই ব্যক্তির সঙ্গে দেখা করে খুব ভালো লাগল।’
১৮ ইঞ্চি উচ্চতার এই যুবককে দমিয়ে রাখতে পারেনি শারীরিক প্রতিবন্ধিতা। ত্রিশোর্ধ্ব শাহীন ব্যবসা করে আর্থিকভাবে স্বাবলম্বী। শাহীন বরিশালের মুলাদী উপজেলার চর কমিশনার এলাকার আবুল হাসেম ফকিরের ছেলে। বাবা-মা, দুই ভাই, চার বোন ও ভাবি-ভাতিজিকে নিয়ে যৌথ পরিবারে বাস করেন তিনি। তিন বোনের বিয়ে হয়েছে। এক ভাই মালয়েশিয়াপ্রবাসী।
পোলিও আক্রান্ত হয়ে শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে বেড়ে ওঠা শাহীনের প্রিয় খেলোয়াড় বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক তামিম। শাহীনের স্বপ্ন ছিল—একদিন তামিমের সঙ্গে দেখা করবেন, মন খুলে কথা বলবেন-এটা ছিল তার অন্যতম স্বপ্ন।
সাক্ষাতে তামিম নিজের স্বাক্ষর করা একটি জার্সি উপহার দিয়েছেন শাহীনকে। তাকে জড়িয়ে ধরে শাহীন বলেন, ‘আমি বাংলাদেশের ক্রিকেটারদের সবাইকে পছন্দ করি। কিন্তু আপনি আমার সবচেয়ে প্রিয়। এরপর সাকিব আল হাসান।’
