দলে নেই মিরাজ, অভিষেক হচ্ছে হৃদয়ের

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ০২:০০ পিএম

সিলেটে অনুশীলনের সময় চোট পেয়েছিলেন মেহেদি হাসান মিরাজ। মাঠ ছেড়ে যেতে হয়েছিল হাসপাতালে। শঙ্কা ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে তাকে পাওয়া নিয়ে। ম্যাচের দিন সেই শঙ্কা সত্যি হলো। বিশ্রাম দেওয়া হয়েছে মিরাজকে। তবে দলে জায়গা হয়েছে তৌহিদ হৃদয়ের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতেই অভিষেক হচ্ছে তার।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ড্রেসিংরুম প্রান্তে দুই দলে ভাগ হয়ে ফুটবল খেলছিলেন ক্রিকেটাররা। বল পেয়ে গোল করতে চেয়েছিলেন মিরাজ। কিন্তু ডিফেন্ডার হিসেবে দাঁড়িয়ে ছিলেন পেসার হাসান মাহমুদ। তার শটে বল গিয়ে লাগে মিরাজের চোখে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়। সিটি স্ক্যান করানো হলে সেই রিপোর্ট ভালো এসেছে। এরপর মিরাজকে নিয়ে যাওয়া হয় চোখের চিকিৎসকের কাছে। সেখানেও মিলেছে সুসংবাদ। চোখের আঘাত এমন, যেমনটি হয়ে থাকে বক্সিংয়ে পাঞ্চের আঘাত। চোখের ওপরের অংশ ফুলে আছে। ঘটনার পর থেকে বিশ্রামে ছিলেন মিরাজ।

পরে বিসিবির সূত্র জানিয়েছিল, ম্যাচের আগে সিদ্ধান্ত নেওয়া হবে তাকে খেলানো হবে কি না। অবশেষে তাকে স্কোয়াডে রাখা হয়নি। গত ৬ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে দলে ছিলেন মেহেদী হাসান মিরাজ। সে ম্যাচে দুই পেসার হিসেবে মোস্তাফিজুর রহমান ও ইবাদত হোসেনকে খেলায় বাংলাদেশ। আজ চোট পড়া মিরাজের জায়গায় ফিরলেন তাসকিন। বাদ পড়েছেন আফিফ হোসেনও, যিনি ইংল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টির দলেও ছিলেন না। তার জায়গায় দলে ফিরেছেন ইয়াসির আলী।

এদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে কপাল খুলেছে তৌহিদ হৃদয়ের। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে তার নাম থাকলেও একাদশে জায়গা হয়নি। তবে টি-টোয়েন্টি দলের হয়ে অভিষেক হয়েছে তার। ছেলেদের ওয়ানডেতে বাংলাদেশের ১৪০তম ক্রিকেটার হলেন তৌহিদ হৃদয়। এ সংস্করণে সর্বশেষ অভিষেক হয়েছিল ইবাদত হোসেনের, গত বছরের আগস্টে। আজ হৃদয়কে ক্যাপ পরিয়ে দিয়েছেন মুশফিকুর রহিম।

বাংলাদেশ স্কোয়াড

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, ইয়াসির আলী, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন ও নাসুম আহমেদ।

আয়ারল্যান্ড একাদশ

অ্যান্ড্রু বলবার্নি (অধিনায়ক), মার্ক এডেয়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, স্টিফেন ডোহেনি, গ্রাহাম হিউম, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত