লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুনের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে আদালত।
উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহারের করা একটি মামলায় গতকাল রবিবার দুপুরে লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইস্রাফিলের আদালতে হাজিরা দিতে গেলে বিচারক তাকেসহ ১২ জনের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
গত ৭ নভেম্বর হাতীবান্ধা উপজেলা পরিষদ কার্যালয়ে টিআর, কাবিখা, কাবিটার ভাগাভাগি নিয়ে পাল্টাপাল্টি হামলা এবং অফিস ভাঙচুরের অভিযোগ ওঠে। ওই ঘটনায় উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন ও মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার পাল্টাপাল্টি মামলা করেন। জেসমিন নাহারের করা মামলার প্রধান আসামি মশিউর রহমান মামুন। এ মামলায় উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পান মামুনসহ বাকি আসামিরা। কিন্তু ৬ সপ্তাহ পার হলেও আদালতে হাজির হতে বিলম্ব করেন আসামিরা। এ অবস্থায় আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
রবিবার সেই মামলায় মামুনসহ ১২ আসামি হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠান।
লালমনিরহাট আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আকমল হোসেন হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমানসহ ১২ জনের জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।
