যে কারণে চটেছেন পিএসজির কোচ

আপডেট : ২০ মার্চ ২০২৩, ১১:৪৭ এএম

কিলিয়ান এমবাপ্পের গতি ছিল আগের মতোই। তাতে ছড়িয়েছেন দ্যুতিও। করেছিলেন গোল, তবে অফসাইডের কারণে তা হয় বাতিল। অন্যদিকে লিওনেল মেসি ছিলেন একেবারেই নিষ্প্রভ। দুজনের এমন অবস্থা দেখে পিএসজিকে মনে হয়ে বিচ্ছিন্ন কোনো এক দ্বীপ। বিশ্বজয়ী দুই ফুটবলারের এমন তথৈবচ দিন গেলে যা হয়, সেটাই হয়েছে। রেনের কাছে ২-০ গোলে হেরে গেছে পিএসজি।

এই হারে অবশ্য লিগ ওয়ানের পয়েন্ট তালিকায় কোনো ক্ষতি হয়নি প্যারিসিয়ানদের। ২৮ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে প্যারিসের দলটি। তবে মেসিদের এমন হার মেনে নিতে পারছেন না দলটির সমর্থকসহ অনেকেই।

রেনের বিপক্ষে ম্যাচ শেষে পিএসজির কোচ ক্রিস্তফ গালতিয়েরের সংবাদ সম্মেলনে দলের প্রতি তার খেলোয়াড়দের নিবেদন নিয়েই প্রশ্ন উঠেছে। এ প্রশ্নে অবশ্য একটু বিরক্তই হয়েছেন গালতিয়ের। কড়া জবাব দিয়ে তিনি ফুটবলারদের পাশেই দাঁড়িয়েছেন।

রেনের কাছে হারের পরও খেলোয়াড়দের আড়াল করার চেষ্টা করে পিএসজি কোচ গালতিয়ের বলেছেন, ‘আমার খেলোয়াড়েরা তাদের সর্বস্ব দিয়েছে। আমাদের খেলোয়াড়দের জুতোয় পা গলিয়ে দেখুন না! তারা ৮ জন খেলোয়াড়কে অনুপস্থিত দেখেছে। খেলতে হয়েছে একাডেমির খেলোয়াড়দের নিয়ে, যারা কিনা দু–একবার মূল দলের সঙ্গে অনুশীলন করে।’

এমনিতেই পিএসজির ড্রেসিংরুম নিয়ে অনেক দিন ধরে নেতিবাচক খবরই বেশি আসছে। চারদিকে গুঞ্জন, পিএসজির খেলোয়াড়দের মধ্যে একতার খুব অভাব! গালতিয়ের অবশ্য সেটাকে উড়িয়ে দিয়েছেন সব সময়ই।

তাই তো সেই প্রসঙ্গ ফের উঠতেই গালতিয়ের চটে যান। তিনি মেসি–এমবাপ্পেদের নিয়ে সমালোচনা করা লোকেদের উদ্দেশ করে বলেছেন, ‘আপনারা আমার খেলোয়াড়দের নিবেদন নিয়ে দোষারোপ করতে পারেন না। এটা সত্যি নয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত