ফেনীর সোনাগাজীতে মাছের খামারের মালিকানা কেন্দ্র করে সংঘর্ষে নয়জন আহত হয়েছেন। ঘটনাটি গতকাল সোমবার দুপুরে উপজেলার মুহুরী প্রজেক্ট সংলগ্ন চরখন্দকার গ্রামে ঘটে।
স্থানীয়দের ভাষ্যমতে, চরখন্দকার মৌজার পাঁচ একর জমিতে গড়ে তোলা মাছের খামারের মালিকানা নিয়ে যুবলীগ নেতা সোহেল চাকলাদার ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের দ্বন্দ্ব চলছে কয়েক বছর ধরে। সোমবার দুপুরে উভয় পক্ষ মালিকানার দ্বন্দ্ব নিরসনে বৈঠকে বসে। কিন্তু বৈঠক চলাকালে একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হন নয়জন।
উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক সোহেল চাকলাদার দাবি করেন, ‘তিন বছর আগে ফেনী পানি উন্নয়ন বোর্ড থেকে পাঁচ একর জমি লিজ নিয়ে মৎস্য প্রকল্প গড়ে মাছের চাষ শুরু করি। কিন্তু কয়েক মাস আগে মালিকানা দাবি করে প্রকল্পের একাংশ দখল করে সিরাজ ও তার সহযোগীরা। তারা আমাদের পাঁচজনকে পিটিয়ে জখম করেছে।’
জাতীয় পার্টির নেতা সিরাজুল ইসলাম দাবি করেন, ‘সোহেল চাকলাদার আমাদের জমিতে মাছের খামার বানায়। সোমবার তাদের হামলায় আমাদের চারজন আহত হয়েছে।
