আবার হার পিএসজির!

ঘরের মাঠে দুয়োধ্বনি মেসিকে

আপডেট : ২০ মার্চ ২০২৩, ১০:৩৪ পিএম

ফ্রেঞ্চ কাপ ও চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের পর লিগ ওয়ানের শিরোপা জয়কে আঁকড়ে ধরেছিল পিএসজি। সেটাও সংশয়ে। আবার হেরেছে তারা রেনের কাছে। লিগে চার হারের সব কটাই হলো এ বছরে। জানুয়ারিতে যে রানের কাছে ০-১ গোলে হেরেছিল, রবিবার তাদের কাছে মেসিরা হেরেছে ০-২ গোলে। এই হারে আরও এটি গৌরব মাটিতে মিশে গেছে পিএসজির। ২০২১ এপ্রিলের পর এই প্রথম নিজেদের মাঠে হার দেখল পিএসজি। ২৮ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলেও দ্বিতীয় স্থানের মার্শেইয়ের সঙ্গে পিএসজির ব্যবধান কমেছে ৭ পয়েন্টে।

পুরো ম্যাচেই সুযোগ নষ্টের খেসারত দিয়েছে পিএসজি। একই সঙ্গে বিশ্বের সেরা ফুটবলারদেরও সৃষ্টিশীলতার অভাব ছিল গোটা ম্যাচে। কোচের কৌশল নিয়েও প্রশ্ন উঠছে। দলের যাবতীয় কৌশল এমবাপ্পেকে হন্যে হয়ে খোঁজার মধ্যেই সীমাবদ্ধ ছিল। অন্য দিকে প্রেসনেল কিমপেম্বে আর মার্কিনহোসের অভাবটা ভালোভাবেই টের পেয়েছে প্যারিসিয়ানরা। দুই ডিফেন্ডারের চোটজনিত অনুপস্থিতিতে পিএসজি রক্ষণভাগ ছিল আত্মবিশ্বাসহীন।

এমবাপ্পে দুটি ভালো সুযোগ পেয়েছিলেন। কিন্তু দুটিই ঠেকিয়ে দেন রেনের ৩৭ বছর বয়সী গোলকিপার স্টিভ মাদাঁদাঁ। প্রথমটি ২৬ মিনিটে, দ্বিতীয়টি দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে। উল্টো দিকে রেনে গোলের সুযোগের সদ্ব্যবহার করেছে দারুণভাবেই। ৪৫ মিনিটে তোকো একাম্বি দারুণ একটা লম্বা থ্রু পাস ধরে গোল করেন। পোস্টের নিজেদের দ্বিতীয় শটেই দ্বিতীয় গোলটি পেয়ে যায় রেনে। লেসলি ওগোচুকোর ক্রস থেকে গোল করেন কালিমুয়েন্দু।

ম্যাচে মেসি ছিলেন নি®প্রভ। তার চেষ্টাগুলো বিকশিত হয়নি সেভাবে। অবধারিতভাবেই পিএসজির ক্ষুব্ধ সমর্থকদের দুয়ো শুনতে হয়েছে তাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত