অর্থনৈতিক অঞ্চলগুলোতে দুটি ভারতীয় অর্থনৈতিক অঞ্চল স্থাপনে কাজ করছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। এর একটি মোংলায়, অপরটি চট্টগ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে। এর বাইরে কুষ্টিয়া, পঞ্চগড়, নীলফামারীর মতো দুই দেশের সীমান্তবর্তী আরও কিছু স্থানে ভারতীয় বিনিয়োগ চায় বেজা। এ জন্য সেসব অঞ্চলে বিনিয়োগের সুযোগ সৃষ্টির জন্য কাজ করছে বেজা।
গতকাল সোমবার বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের বিষয়ে ভারতের ব্যবসায়ী সংগঠন ভারত চেম্বার অব কমার্সের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ার উল আলম চৌধুরীসহ সংগঠনটির অন্য নেতারা।
ইউসুফ হারুন বলেন, বেজা দুটি ভারতীয় অর্থনৈতিক অঞ্চল স্থাপনে কাজ করছে। এর একটি দুটি দেশের সীমান্তবর্তী স্থান মোংলায় এবং অপরটি চট্টগ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের মিরসরাইয়ে।
তিনি জানান, অর্থনৈতিক অঞ্চলগুলোর জন্য প্রকল্প পরিকল্পনা ছাড়াও আইনি দলিলাদি প্রস্তুতির কাজ চলমান রয়েছে।
