রেকর্ড ছুঁয়ে কিছুটা কমল সোনার দাম

আপডেট : ২১ মার্চ ২০২৩, ১১:৫৩ পিএম

গত ১৮ মার্চ বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশনের (বাজুস) এক ঘোষণায় প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছিল ৯৮ হাজার ৭৯৪ টাকা। তিন দিনের মাথায় আবার কিছুটা কমিয়ে প্রতি ভরি সোনার দাম ৯৭ হাজার ৬৩৪ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। তিন দিন আগের চেয়ে নতুন দামে ১ হাজার ১৬৬ টাকা কমল।

গতকাল মঙ্গলবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাজুসের নির্ধারণ করা এই দাম আজ বুধবার থেকে কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী এখন থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৭ হাজার ৬২৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ৯০ হাজার ৮৬২ টাকা, ১৮ ক্যারেটের ৭৯ হাজার ৮৯৮ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৬৬ হাজার ৫৪৩ টাকা।

এর আগে ১৮ মার্চ দেশের বাজারে সোনার দাম রেকর্ড পরিমাণ বাড়ানো হয়েছিল। ওই দিনের ঘোষণায় প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছিল ৯৮ হাজার ৭৯৪ টাকা। এটি বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ দাম। ওই দিনের ঘোষণায়, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৯৮ হাজার ৭৯৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ৯৪ হাজার ৩০৩ টাকা, ১৮ ক্যারেট ৮০ হাজার ৮৩২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হবে ৬৭ হাজার ৩০১ টাকা দরে।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি সর্বশেষ সোনার দাম নির্ধারণ করেছিল বাজুস, যা পরদিন ২৭ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়।

গত বছরের ২৯ ডিসেম্বর পর্যন্ত প্রতি ভরি সোনার (২২ ক্যারেট) দাম ছিল ৮৭ হাজার ২৪৭ টাকা। ওই দিন ১ হাজার ১৬৬ টাকা বেড়ে হয় ৮৮ হাজার ৪১৩ টাকা। এরপর ৭ জানুয়ারি ২ হাজার ৩৩৩ টাকা বেড়ে হয় ৯০ হাজার ৭৪৬ টাকা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত