দেশের পুঁজিবাজারে বিনিয়োগে কানাডার আগ্রহ

আপডেট : ২১ মার্চ ২০২৩, ১১:৫৪ পিএম

বাংলাদেশের পুঁজিবাজার থেকে যে সময়ে বিদেশি বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ প্রত্যাহার করে নিচ্ছেন, ঠিক সে সময়ে বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছে কানাডা। উত্তর আমেরিকার ধনী দেশ কানাডা বিনিয়োগের আগ্রহ দেখিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছে। আজ বুধবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হবে। এসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

দেশের পুঁজিবাজারে বিনিয়োগ সম্পর্কে জানতে এসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলামের সঙ্গে আলোচনায় বসবেন বাংলাদেশে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত লিলি নিকলস। কানাডিয়ান পেনশন ফান্ডকে কীভাবে বাংলাদেশে আকৃষ্ট করা যায়, সে বিষয়ে আলোচনা হবে। এ ছাড়া আলোচনায় পেনশন তহবিল ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তার সঙ্গে সাক্ষাতে কানাডা ভ্রমণ কর্মসূচি ঠিক করা হতে পারে।

উল্লেখ্য, ২০২২ সালের ৩১ ডিসেম্বর শেষে কানাডিয়ান পেনশন তহবিলের আকার দাঁড়িয়েছে ৫৩৬ বিলিয়ন ডলার, যার মধ্যে পাবলিক ইকুইটিতে ২৭ শতাংশ বিনিয়োগ রয়েছে। অবশ্য তহবিলটির সবচেয়ে বেশি বিনিয়োগ রয়েছে প্রাইভেট ইকুইটিতে, ৩২ শতাংশ। এর বাইরে নিয়েল এস্টেট ও অবকাঠামো খাতে ৯ শতাংশ করে বিনিয়োগ রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত