আজ বিশ্ব আবহাওয়া দিবস

আপডেট : ২৩ মার্চ ২০২৩, ০৮:১২ এএম

আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) বিশ্ব আবহাওয়া দিবস। বিশ্বের ১৯৩টি দেশ এ দিনটি ‘বিশ্ব আবহাওয়া দিবস’ হিসেবে পালন করে থাকে। ১৯৫১ সাল থেকে প্রতিবছর এটি পালন হয়।

এবারের প্রতিপাদ্য ‘প্রজন্মান্তরে আবহাওয়া, জলবায়ু ও পানির ভবিষ্যৎ'। আবহাওয়ার সঙ্গে জলবায়ু ও পানি ওৎপ্রোতোভাবে জড়িত; আবহাওয়া, জলবায়ু ও পানি ব্যবস্থাপনার গুরুত্ব বিবেচনায় রেখে এ প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর জানায়।

বিশ্ব আবহাওয়া দিবস উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, জাতিসংঘ ঘোষিত আবহাওয়া ও জলবায়ু সংক্রান্ত টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ সরকার উচ্চ তাপমাত্রা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি ও বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কাজ করে যাচ্ছে।

এ ছাড়া বিশ্ব আবহাওয়া দিবস উপলক্ষ্যে দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গত ১৪ বছরে জলবায়ু পরিবর্তনের ব্যাপক প্রভাব এবং ঘূর্ণিঝড়, বজ্রপাত, জলোচ্ছ্বাস, অতিবৃষ্টি, খরাসহ অন্যান্য চরম আবহাওয়ায় আগাম সতর্কতা এবং আগাম পদক্ষেপ গ্রহণের মাধ্যমে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি বহুলাংশে কমিয়ে আনা সম্ভব হয়েছে।

প্রতি বছরের মতো এ বছরও নানা অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের সেমিনার হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। বিশেষ অতিথি হিসেবে থাকার কথা রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব গোলাম মো. হাসিবুল আলম এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত