রাজধানীতে কিশোর গ্যাংয়ের ৪৩ সদস্য গ্রেপ্তার

আপডেট : ২৩ মার্চ ২০২৩, ১২:২৫ পিএম

রাজধানীতে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধে র‍্যাবের বিশেষ অভিযানে বিভিন্ন এলাকা থেকে কিশোর গ্যাংয়ের ৪৩ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। গতকাল বুধবার তাদের গ্রেপ্তার করা হয়।

আজ বৃহস্পতিবার র‌্যাব-২–এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-২ জানতে পারে, কিশোর গ্যাং বিভিন্ন অংশে বিভক্ত হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ছিনতাইয়ের উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ প্রস্তুতি গ্রহণ করেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এসব স্থানে র‍্যাব-২–এর একাধিক আভিযানিক দল অভিযান পরিচালনা করে। স্থানগুলোর মধ্যে ছিল রাজধানীর মোহাম্মদপুর, হাজারীবাগ, শেরেবাংলা নগর ও তেজগাঁও। ছিনতাইয়ের প্রস্তুতির সময় বিভিন্ন গ্রুপের ৪৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় কিশোর গ্যাংদের কাছ থেকে ছুরি, চাকু, খুর ও অন্যান্য দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত কিশোর গ্যাং সদস্যরা জানিয়েছে, তারা পথচারীদের আকস্মিকভাবে ঘিরে ধরে অস্ত্রের ভয় দেখিয়ে জোর করে মানিব্যাগ, টাকা-পয়সা, স্বর্ণালংকার, মোবাইল ও ল্যাপটপ ছিনতাই করে দ্রুত পালিয়ে যেত।

তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে পরবর্তী সময়েও র‌্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানায় র‍্যাব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত