পবিত্র রমজান মাস উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ায় সব মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল থেকে ছুটি হয়ে গেছে। কিন্তু একই শ্রেণিতে পড়েও ছুটি পায়নি উপজেলার পেড়াবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা। গতকাল অন্যসব বিদ্যালয়ে ছুটির দিতে ওই বিদ্যালয়ের মাধ্যমিকের শিক্ষার্থীদের ক্লাস করতে হয়েছে। তবে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল প্রায় অর্ধেক।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত হওয়ায় মাধ্যমিকে ওই শিক্ষার্থীদের ছুটি হয়নি। রমজান উপলক্ষে আগামী ৭ এপ্রিল থেকে সারাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছুটি হওয়ার কথা রয়েছে। তাই ওইদিন পর্যন্ত ক্লাস করতে হবে বিদ্যালয়ের মাধ্যমিকের শিক্ষার্থীদের।
বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী রোকনুজ্জামান বলে, ‘আশপাশের বিদ্যালয়ের সহপাঠীদের ছুটি থাকায় বৃহস্পতিবার আমাদের ক্লাসে ১৮ জন শিক্ষার্থীর মধ্যে মাত্র সাতজন বিদ্যালয়ে এসেছে।’
ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সামান্তা ইসলাম বলে, ‘গত দুই বছর থেকে আমি রমজানের সবগুলো রোজা রাখি। এবার রোজার মধ্যে বিদ্যালয় খোলা থাকায় রোজা রাখতে অনেক কষ্ট হবে।’ তাদের ক্লাসেও এদিন ১৪ জন শিক্ষার্থীর মধ্যে ৮ জন উপস্থিত ছিলেন বলে জানান।
পেড়াবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বজলুজ্জামান বলেন, ‘প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়ম-নীতি অনুযায়ী তাদের সঙ্গে সংযুক্ত থাকা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির পাঠদান পরিচালিত হয়ে থাকে। তাই প্রাথমিক বিদ্যালয় ছুটি না হওয়ায় তাদের ছুটি হয়নি।’
