স্টার্টআপে ৮০ কোটি ডলারের বেশি বিনিয়োগ

আপডেট : ২৮ মার্চ ২০২৩, ১১:৩১ পিএম

ভারত ও সিঙ্গাপুর থেকে বাংলাদেশের স্টার্টআপগুলোতে ৮০ কোটি ডলারের বেশি বিনিয়োগ এসেছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, স্টার্টআপ ধীরে ধীরে ওঠে না, রকেটের গতিতে উঠে। বিকাশ, নগদ ও শপআপ এরই মধ্যে বিলিয়ন ডলারের কোম্পানি হয়েছে।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে দেশের উদ্যোক্তা ও স্টার্টআপদের জন্য সর্ববৃহৎ আয়োজন বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্টের (বিগ) তৃতীয় পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের তরুণদের মেধার ঘাটতি নেই, তাদের প্রয়োজন সহযোগিতা। বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্টের মাধ্যমে আমরা সেই সুযোগ করে দিচ্ছি। তরুণ উদ্ভাবকেরা শুধু দেশের নয়, বিশ্বের সমস্যা সমাধান করবে। এসময় দেশের সমস্যাগুলোর প্রযুক্তিনির্ভর সমাধান দিয়ে অর্থনৈতিক সংকট মোকাবিলায় তরুণ উদ্ভাবকদের প্রতি আহ্বান জানান পলক।

তিনি বলেন, উদ্যোক্তাদের সহযোগিতার জন্য আমরা ইনোভেশন অ্যান্ড অন্ডার প্রেনিউরশিপ একাডেমি প্রকল্প চালু ও স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড প্রতিষ্ঠা করেছি। এ প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে দেশে স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে উঠবে। পাশাপাশি আগামীতে বাংলাদেশ বিনিয়োগকারীদের আকর্ষণীয় হাব এ পরিণত হবে।

জানা যায়, বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট ২০২৩ এর পুরস্কার হিসেবে সেরা একটি স্টার্টআপকে দেওয়া হবে বিশেষ সম্মাননা ও গ্র্যান্ট হিসেবে ১ কোটি টাকা অনুদান। বাকি নির্বাচিত তালিকার সেরা ৫০ স্টার্টআপের প্রত্যেককে দেওয়া হবে ১০ লাখ টাকা করে অনুদান। এছাড়া স্টার্টআপদের জন্য রয়েছে বিনিয়োগ পাওয়ার সুবিধাসহ নানা সুযোগ। অর্থাৎ সেরা ৫১টি স্টার্টআপকে মোট ৬ কোটি টাকা অনুদান হিসেবে দেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত