যুক্তরাষ্ট্রে স্কুলে গোলাগুলিতে নিহত ৭

আপডেট : ২৯ মার্চ ২০২৩, ০৩:২৩ এএম

যুক্তরাষ্ট্রে আবারও একটি স্কুলে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে তিন শিশু শিক্ষার্থীসহ ছয়জন নিহত হয়েছে। পরে পুলিশের গুলিতে নিহত হয়েছে ওই হামলাকারী। স্থানীয় সময় সোমবার সকালে দেশটির টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিল শহরের একটি বেসরকারি স্কুলে এ ঘটনা ঘটে। 

বার্তা সংস্থা রয়টার্স জানায়, নিহতদের মধ্যে হামলাকারীসহ চারজন প্রাপ্তবয়স্ক ও তিনটি শিশু। নিহত তিন শিশুর বয়স ৯ বছর। তারা হলো এভিলিন ডিয়েকহাস, হ্যালি স্ক্রুগস ও উইলিয়াম কিনে। প্রাপ্তবয়স্ক যারা নিহত হয়েছে তারা হলেন ক্যাথেরিন কুনসে (৬০), সিনথিয়া পিক (৬১) ও মাইক হিল (৬১)। আর নিহত আরেকজন ২৮ বছর বয়সী হামলাকারী অড্রে হালে।

ন্যাশভিল পুলিশের মুখপাত্র ডন অ্যারন জানান, পুলিশ স্কুলের তৃতীয় তলায় গুলির শব্দ শুনতে পায়। হামলাকারী ওই নারীর হাতে অন্ততপক্ষে দুটি সেমি অটোমেটিক রাইফেল ও হ্যান্ডগান ছিল। তিনি জানান, সেখান যাওয়া পাঁচ সদস্যের দলের মধ্যে দুই কর্মকর্তা স্কুলের লবিতে হামলাকারীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ১০টা ২৭ মিনিটে তার মৃত্যু হয়। তিনি বলেন, হামলাকারী অড্রে হালে ন্যাশভিলেরই বাসিন্দা। তার সঙ্গে স্কুলের কারও বিরোধ ছিল কি না তা নিশ্চিত হওয়া যায়নি। তবে অ্যারনের ধারণা, আগের কোনো ক্ষোভ থেকে হামলাটি হতে পারে। তিনি জানান, হালের কাছে তিনটি বন্দুক ছিল। এর মধ্যে একটি ছিল সেমি অটোমেটিক রাইফেল। পুলিশের তালিকায় হালের নামে অপরাধের কোনো রেকর্ড নেই।

এদিকে বিবিসি বলছে, পুলিশ একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যায়, হালে বন্দুক দিয়ে স্কুলে প্রবেশ দরজার কাচ ভেঙে প্রবেশ করেন। এরপর স্কুলের নির্জন করিডরে ঘুরে বেড়ান। একপর্যায়ে ‘শিশুদের মন্ত্রণালয়’লেখা একটি ঘরের পাশ দিয়ে চলে যান।

ভিডিওতে দেখা যায়, হালে নিজে সুরক্ষা বর্ম পরে এসেছিলেন। তার এক হাতে ছিল একটি রাইফেল। আর কোমরের বাঁ দিকে ঝুলছিল একই রাইফেল। ওপরের তলায় ওঠার আগে হালে নিচতলায় গুলি ছোড়েন। পুলিশের গাড়ি পৌঁছানোর পর হালে তাদের লক্ষ করেও গুলি ছোড়েন। একটি গুলি এসে লাগে উইন্ডস্ক্রিনে। ভাঙা কাচের আঘাতে এক পুলিশ সদস্য আহত হন। পুলিশ দ্রুত ভেতরে ঢুকে হালেকে গুলি করে।

সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে গণ বন্দুক হামলায় মৃত্যুর বিষয়টি সাধারণ ঘটনায় পরিণত হলেও নারী হামলাকারীর বিষয়টি একেবারে অস্বাভাবিক বলে রয়টার্স লিখেছে। ১৯৬৬ সাল থেকে এ পর্যন্ত ঘটা ১৯১টি গুলিবর্ষণের ঘটনায় মাত্র চারটিতে হামলাকারী ছিলেন নারী বলে অলাভজনক গবেষণা কেন্দ্র দ্য ভায়োলেন্স প্রজেক্টের তথ্য। অপরদিকে দেশটিতে ২০২৩ সালে এখন পর্যন্ত স্কুলে ৮৯টি গুলির ঘটনার তথ্য পাওয়া গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত