বাংলা সাহিত্যের সুষমা পর্দায় তুলে আনার চেষ্টায় দুবছর আগে ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম ‘বঙ্গ’ শুরু করেছিল বিশেষ প্রকল্প বঙ্গ বব (বিওবি) বা বেজড অন বুকস।
এ আয়োজনের কিছু দৃশ্যগল্প দারুণ পছন্দ করেছিলো দর্শক। অল্প-বিস্তর সমালোচনাও ছিল। কারণ দুই সিজনেই ছিলো না কোনো লেখক বা পরিচালক। তৃতীয় সিজনে এসে মিটছে সেই অপ্রাপ্তি। এবার সাত লেখকের আটটি গল্প নিয়ে তৈরি হবে বঙ্গ বব-সিজন ৩-এ আটটি টেলিছবি। এবারের সাত লেখকের মধ্যে আছেন আনিসুল হক, আফসানা বেগম, সাইফুল আযম চৈৗধুরী, মাহবুব আজীজ, শাহনাজ মুন্নী, রবিন জামান খান এবং ফজলে খোদা রাব্বি। গল্পগুলো হলো আনিসুল হকের ‘মানবজন্ম’, আফসানা বেগমের গল্পগ্রন্থ ‘মুখোশের আড়ালে’ থেকে ‘নিভৃত নিনাধ’, সাইফুল আযম চৌধুরীর ‘গল্পের বই’-এর ‘আশ্বিনের আকাশ’, মাহবুব আজীজের ‘নির্বাচিত গল্প’ বই থেকে ‘চাঁদজ্বলা রাতে’, শাহনাজ মুন্নীর ‘নির্বাচিত গল্প’ থেকে দুটি গল্প ‘পুকুর’ এবং ‘মন ও মন’, রবিন জামান খানের ‘থ্রিলার সমগ্র’ থেকে ‘কিং অব স্পেইড’ ও ‘কুইন অব হার্টস’ অবলম্বনে একটি গল্প, ফজলে খোদা রায়হানের ‘ঝাপসা শহরের গল্প’ থেকে ‘গর্ভ’। এর মধ্যে শুধু ‘গর্ভ’ টেলিছবির শ্যুটিং সম্পন্ন করেছেন পরিচালক আশিকুর রহমান। অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিণ। বাকি গল্পগুলো থেকে টেলিছবি নির্মাণ করবেন সুমন আনোয়ার, অনম বিশ্বাস, আশিকুর রহমান, তানভীর আহসান এবং মাহমুদুল হাসান আদনান।
(বিএমডিবি অবলম্বনে ধ্রুপদি ডেস্ক)
