ঈদ সামনে রেখে এবার ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে আগামী ৭ এপ্রিল থেকে। ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের ‘ভোগান্তি কমাতে’ কাউন্টারে টিকিট বিক্রি উঠিয়ে দিয়ে ট্রেনের সব টিকিট এবার অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার রেলপথ মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মো. শরিফুল আলমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, অনলাইনে টিকিট কাটতে জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন বা পাসপোর্ট দিয়ে নিবন্ধন করতে হবে। টিকিট কেনার জন্য রেলওয়ের টিকেটিং ওয়েব পোর্টাল বা জধরষ ঝযবনধ অ্যাপ গিয়ে যেকোনো মোবাইল থেকে জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/জন্মনিবন্ধন যাচাইয়ের মাধ্যমে নিবন্ধন করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, টিকিট বিক্রির প্রথম দিন ৭ এপ্রিল মিলবে এর ১০ দিন পরের অর্থাৎ ১৭ এপ্রিলের টিকিট। একইভাবে ৮ এপ্রিলে পাওয়া যাবে ১৮ এপ্রিলের; ৯ এপ্রিল মিলবে ১৯ এপ্রিলের; ১০ এপ্রিল মিলবে ২০ এপ্রিলের এবং ১১ এপ্রিলে বিক্রি হবে ২১ এপ্রিলের টিকিট। টিকিট কেনার জন্য যাত্রীদের নিবন্ধন করার অনুরোধ জানিয়েছে রেলওয়ে।
