মেসি ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না, তা সময়ই বলে দেবে। তবে মেসির আর্জেন্টাইন সতীর্থ ম্যাক অ্যালিস্টার থেকে ডি পলরা চান মেসি খেলুক। আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনিও বিষয়টি মেসির ওপরই ছেড়েছেন।
আর্জেন্টিনাকে ১৯৭৮ বিশ্বকাপ জেতানো কিংবদন্তি মারিও কেম্পেস মেসিকে ২০২৬ বিশ্বকাপ খেলার পথ বাতলে দিয়েছেন। তার মতে, ২০২৬ বিশ্বকাপে খেলতে মেসির পিএসজিতেই থেকে যাওয়া উচিত।
টিওয়াইসি স্পোর্টস ৬৮ বছর বয়সী কেম্পেস বলেন, ‘পরের বিশ্বকাপে খেলতে চাইলে ফ্রান্স তার জন্য ভালো জায়গা, সেখানেই ভালো থাকবে।’ কেম্পেস নিজের যুক্তির পক্ষে ব্যাখ্যাও দিয়েছেন। তার মতে ফ্রান্সের লিগে মেসি ‘বেশি বিশ্রাম পাবেন।’
চ্যাম্পিয়নস লিগে এখন মেসির একটু সমস্যা হয় বলেও মনে করেন কেম্পেস। কেম্পেস আরও বলেন, ‘তিন বছরের মধ্যে সে ঠিক হয়ে যাবে। আর মেসি ধীরে ধীরে শারীরিক ছন্দ ফিরে পাচ্ছে। তবে একটি জায়গায় মেসি এখনো অনন্য। যখন দৌড়ানোর প্রয়োজন, তখন দৌড়ায়। জয়ের এই মানসিকতা ধরে রাখতে পারলেই হবে।’
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর থেকেই মেসি-পিএসজি নতুন চুক্তির গুঞ্জন শোনা যাচ্ছে। ফরাসি সংবাদমাধ্যম লে’কিপ জানিয়েছে, দুটি ইস্যুতে নাকি মেসি আর পিএসজির চুক্তি আটকে আছে। পিএসজির সঙ্গে মেসির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে এই জুনে।
