টাঙ্গাইলে ইউপি সদস্য ইয়াবাসহ আটক

আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ১০:৫৫ পিএম

বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কের সেতুর পূর্বপাড়ের গোলচত্বরে অভিযান চালিয়ে ইয়াবা বড়ি জব্দ ও ইউপি সদস্যসহ দুই বিক্রেতাকে আটক করেছে র‌্যাব। গতকাল শনিবার দুপুরে র‌্যাব-১৪ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

আটকরা হচ্ছে দিনাজপুরের বিরামপুরের দিওর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) বিজুল (কঞ্চিবাড়ি) গ্রামের মৃত নজিবুদ্দিনের ছেলে আকরামুল হক (৪৭) এবং দিওর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে মোক্তার হোসেন (২৮)।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব আরও জানায়, গোপনে খবর পেয়ে সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে একটি দল শনিবার ভোরে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় গোলচত্বরে অভিযান চালায়। এ সময় দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে র‌্যাব সদস্যরা ধাওয়া করে ৫ হাজার ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের ধরতে সক্ষম হয়।

র‌্যাব আরও জানায়, তারা ঢাকা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে দিনাজপুরসহ বিভিন্ন জেলায় সরবরাহ করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত