নরসিংদী জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বাসভবনে আবার হামলা হয়েছে। জেলা ছাত্রদলের ‘পদবঞ্চিত’ ও বহিষ্কৃত নেতারা এই হামলা চালায় বলে জানিয়েছেন বিএনপি নেতারা। গতকাল বুধবার দুপুর ২টার দিকে সদর উপজেলার চিনিশপুরে বিএনপির এই অস্থায়ী কার্যালয়ে ঘরোয়া সভা চলাকালে হামলা হয়। এ সময় গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল ছোড়ে হামলাকারীরা।
ওই সময় দলীয় কার্যালয়সহ আশপাশের বিভিন্ন দোকানপাট ও গাড়ি ভাঙচুর করে হামলাকারীরা। কুপিয়ে গুরুতর আহত করা হয় সিএনজিচালিত এক অটোরিকশা চালককে। বিএনপি নেতাকর্মীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে রাজধানী ঢাকা থেকে নিজ কার্যালয়ে আসেন খায়রুল কবির খোকন। তিনি ভেতরে ঢোকার পরপরই ছাত্রদলের ‘পদবঞ্চিত’ নেতাদের সমর্থকরা ওই কার্যালয়ের প্রধান ফটকের পকেট গেট তালাবদ্ধ করে চলে যায়। পরে দুপুর ১২টার দিকে জেলা বিএনপির নেতাকর্মীরা কার্যালয়ের প্রধান ফটক খুলে ভেতরে ঢোকেন।
বিএনপি নেতারা বলেন, ৮ এপ্রিল অনুষ্ঠেয় সব উপজেলায় বিএনপির অবস্থান কর্মসূচি সফল করতে জেলা বিএনপির কার্যালয়ে প্রস্তুতিমূলক বৈঠকে বসেছিলেন তারা। এ সময় ভেতরে ছিলেন দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন, সদস্যসচিব মনজুর এলাহী, মনোহরদীর সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুলসহ জেলা-উপজেলা পর্যায়ের অন্তত ৫০ জন নেতা। বেলা ২টার দিকে ছাত্রদলের ‘পদবঞ্চিত’ ও বহিষ্কৃত কয়েকজন নেতার ৫০-৬০ জন কর্মী-সমর্থক সেøাগান দিতে দিতে জেলা বিএনপি কার্যালয়ে আসে। তারা ফটকের বাইরে অবস্থান করে কার্যালয়ের ভেতরে ককটেল ও ইটপাটকেল ছুড়তে থাকেন। এ সময় গুলির শব্দও পাওয়া যায়। একের পর এক ককটেল বিস্ফোরিত হতে থাকলে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
