বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের তৃতীয় দিনে সেঞ্চুরি তুলে নিয়েছেন আয়ারল্যান্ডের হয়ে অভিষিক্ত লরকান টাকার। ১৪৯ বলে তিন অঙ্কে পৌঁছানো এই ডানহাতি ব্যাটার ১৪ চার ও ১ ছক্কায় ১০৮ রান করেছেন। টেস্ট তো বটেই, প্রথম শ্রেণির ক্রিকেটেই টাকারের এটি প্রথম শতক।
বাংলাদেশি বোলারদের বিপক্ষে তার সাবলীল ব্যাটিং দেখে মনে হতে পারে টাকার বোধ হয় প্রথম শ্রেণির ক্রিকেটে বেশ অভিজ্ঞ। মোটেই না। মিরপুর টেস্ট খেলার আগে ২৬ বছর বয়সী প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন মাত্র ১৪টি। ১৯ ইনিংসে রান তার ৩৭৩। সর্বোচ্চ ৮০ রান।
টাকারের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ২০১৭ সালে লিনস্টার লাইটনিংয়ের হয়ে। এটি আইরিশ ঘরোয়া টুর্নামেন্টের একটি দল। আয়ারল্যান্ডের প্রথম শ্রেণি ক্রিকেট টুর্নামেন্টের নাম ইন্টার-প্রভিনশিয়াল চ্যাম্পিয়নশিপ। আইরিশদের ঘরোয়া এ টুর্নামেন্ট ২০১৩ তে প্রথম চালু হলেও প্রথম শ্রেণির মর্যাদা পায় ২০১৭ সাল। মাত্র তিনটি দল নিয়ে হতো এই আসর।
টেস্ট স্টাটাস পাওয়ার আগে আফগানিস্তান, স্কটল্যান্ড, আরব আমিরাতদের সঙ্গে আইসিসি ইন্টারকন্টিনেন্টাল কাপ নামের একটি প্রথম শ্রেণির টুর্নামেন্ট খেলতো আইরিশরা।
সবশেষ ২০১৯ এ হয়েছিল ইন্টার-প্রভিনশিয়াল চ্যাম্পিয়নশিপ। এরপর করোনার কারণে আর হয়নি। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল টাকারের দল লিনস্টার। তবে সেখানে ৩ ম্যাচ খেলে টাকার করেন মাত্র ৩২ রান।
মিরপুর টেস্টের আগে সবশেষ প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছিলেন বাংলাদেশের মাটিতেই। ২০২১ সালে চট্টগ্রামে আনঅফিসিয়াল টেস্টে আয়ারল্যান্ড ‘এ’ দলের হয়ে বাংলাদেশ ইমার্জিং দলের বিপক্ষে। সেই ম্যাচে দুই ইনিংসে টাকারের রান ছিল যথাক্রমে ২০ ও ৫।
তবে টাকারের আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতা আছে। ৩৫ ওয়ানডে ও ৫২ টি-টোয়েন্টি খেলেছেন আইরিশদের হয়ে। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ড দলের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন টাকার। ৭ ম্যাচে করেছিলেন ২০৪ রান।
২০১৭ সালে টেস্ট স্টাটাস পাওয়া আয়ারল্যান্ড এর আগে খেলেছে মাত্র তিনটি টেস্ট। মিরপুর টেস্টের আগে সবশেষ খেলেছে ২০১৯ সালে আফগানিস্তানের বিপক্ষে। তাদের প্রথম শ্রেণির ক্রিকেটেরও নেই তেমন শক্ত ভিত।
আয়ারল্যান্ড দলে সবচেয়ে বেশি ৯৮ প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ফাস্ট বোলার গ্রাহাম হিউম। মূলত তিনি দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে খেলতেন। জিম্বাবুয়ের হয়ে ৮ টেস্ট খেলা পিটার মুর দেশটিতে ৭০ প্রথম শ্রেণির ম্যাচ খেলার পর জাতীয়তা পরিবর্তন করে আয়ারল্যান্ডে যান।
অধিনায়ক অ্যান্ড বালবার্নি ৩৩ প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে। বেশি বেশি টেস্ট খেলার সুযোগ পেতে নিয়মিত প্রথম শ্রেণির ক্রিকেট আসর আয়োজনের পরিকল্পনা করছে তারা।
