ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে ভোক্তা অধিদপ্তর

আপডেট : ০৮ এপ্রিল ২০২৩, ১১:৫৩ পিএম

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতন দেওয়া হবে বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে বলে গতকাল শনিবার বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।

হেলাল উদ্দিন বলেন, ‘অগ্নিকান্ডের পর দেশ-বিদেশ থেকে অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আশ্বাস পেয়েছি। অধিদপ্তরের সবার এক দিনের বেতন ক্ষতিগ্রস্তদের সহায়তায় দেওয়া হবে বলে সংস্থাটির মহাপরিচালক জানিয়েছেন। কীভাবে টাকা দেবেন জানতে চেয়েছিলেন। আমি জানিয়েছি ব্যাংক অ্যাকাউন্টের কথা। আমাদের সহায়তার এ টাকা দোকান মালিক পাবেন না, টাকা পাবেন প্রকৃত ব্যবসায়ীরা, সে টাকাও অ্যাকাউন্টে যাবে।’

বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম বলেন, বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতি আইএফআইসি ব্যাংকে ‘বঙ্গবাজার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত সহায়তা তহবিল’ নামে একটি ব্যাংক হিসাব চালু করেছে। আইএফআইসি ব্যাংকের সঞ্চয়ী হিসাব নম্বরটি হলো ০২০০০৯৪০৬৬০৩১৯। এ হিসাবে কোনো সহায়তা এলে প্রকৃত ব্যবসায়ীরা পাবেন। কেউ ক্ষতিগ্রস্ত হবেন না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত