ক্রেতাকে কাপড়ের নমুনা দেখানোকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীর বৃহত্তম পাইকারি বাজার টেরিবাজারে তুলকালাম কাণ্ড ঘটেছে। বিষয়টি নিয়ে গত শনিবার মধ্যরাতে দুই ঘণ্টা ধরে ব্যবসায়ী-কর্মচারী ও এলাকাবাসীর মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে ছয়-সাতজন আহত হয়। পরে গভীর রাতে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, সংঘর্ষের আগে শনিবার মধ্যরাত পর্যন্ত টেরিবাজারে বেচাকেনা হলেও সংঘর্ষের পর দোকানপাট বন্ধ করে ব্যবসায়ী-কর্মচারীরা রাস্তায় নেমে আসেন।
ব্যবসায়ী আবদুল মান্নান জানান, টেরিবাজারের কাটাপাহাড় লেইনে ‘এস এম ফেব্রিক্স’ নামে একটি পাইকারি দোকানে কাপড় কিনতে যান স্থানীয় বাসিন্দা মো. ইফতেখার। এ সময় কাপড়ের নমুনা দেখানো কেন্দ্র করে ক্রেতা ইফতেখারের সঙ্গে দোকানের বিক্রয়কর্মী জাবেদের প্রথমে কথা-কাটাকাটি, পরে হাতাহাতি হয়। এর কিছু সময় পর বকশিরহাট এলাকায় গিয়ে তাকে মারধর করা হয়েছে বলে জানালে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে। একপর্যায়ে দল বেঁধে টেরিবাজারের ওই দোকানে এলে দোকান মালিক, কর্মচারীরা স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তাদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। খবর পেয়ে রাত ৩টার দিকে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
সংঘর্ষে ছয়-সাতজন সামান্য আহত হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবীর। তিনি বলেন, বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
