পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ‘পহেলা বৈশাখ নিয়ে কোনো হুমকি এখন পর্যন্ত আমরা পাইনি। তবে পহেলা বৈশাখে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। পহেলা বৈশাখ ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারা দেশের মার্কেট, শপিংমল ও রাস্তাঘাটের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইফতার, সাহরি ও তারাবি নামাজের সময় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।’ গতকাল সোমবার দুপুরে বসুন্ধরা সিটি শপিং মল পরিদর্শন শেষে এসব কথা বলেন আইজিপি। এই সময় ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মার্কেটগুলোর নিরাপত্তা প্রসঙ্গে পুলিশ প্রধান বলেন, মার্কেটগুলোতে সাদা পোশাক ও ইউনিফর্মে পুলিশ মোতায়েন রয়েছে। ঢাকা শহরের সবগুলো মার্কেটে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্ন স্তরে নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছে। নিরাপদ ব্যবস্থা ছাড়াও সহজে মার্কেটে চলাচলের জন্য ট্রাফিক ব্যবস্থাও জোরদার করা হয়েছে। ট্রাফিক ব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, ডিএমপি কমিশনার পর্যন্ত রাস্তায় দায়িত্ব পালন করা ফোর্সদের সঙ্গে ইফতার করেন। অতিরিক্ত কমিশনাররাও যানজট কমাতে ইফতারের আগ পর্যন্ত রাস্তাতেই দায়িত্ব পালন করেন।
