অধ্যক্ষ নিয়োগে জালিয়াতি

৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ০৩:৫৭ এএম

প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অধ্যক্ষ নিয়োগ এবং জাল রেকর্ডপত্রে তৈরি করে সরকারি ২৫ লাখ ৭৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মাধ্যমিক ও কারিগরি কলেজের দুই অধ্যক্ষ ও শিক্ষকসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার গাজীপুর সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক একেএম তানভীর আহমেদ বাদী হয়ে মামলাটি করেন বলে জানা গেছে।

মামলার আসামিরা হলেন, চান্দনা উচ্চ মাধ্যমিক ও কারিগরি কলেজের অধ্যক্ষ মো. মজিবুর রহমান, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুরেশ চন্দ্র বর্মণ, গাজীপুরের টেকনিক্যাল স্কুল ও কলেজের সাবেক অধ্যক্ষ হরিপদ চন্দ্র পাল, কারিগরি শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিদর্শক বেলায়েত হোসেন, চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজের স্কুল ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি হাজি আবদুল বারেক সরকার এবং কমিটির সদস্য আমিনুল ইসলাম।

এজাহারে বলা হয়, গাজীপুরের চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজের স্কুল ব্যবস্থাপনা কমিটির সুপারিশ অনুযায়ী সাধারণ শাখায় অধ্যক্ষ নিয়োগের জন্য সিদ্ধান্ত গৃহীত হয় এবং নিয়োগ কমিটি গঠন করা হয়। সাধারণ শাখায় নিয়োগের কথা থাকলেও নিয়োগ কমিটিতে কারিগরি শিক্ষা বোর্ড প্রতিনিধি ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের ডিজি প্রতিনিধি রাখার কথা উল্লেখ করা হয়। কিন্তু কারিগরি শিক্ষা শাখায় কোনো নিয়োগের ক্ষেত্রে বাছাই কমিটি গঠনের এখতিয়ার শুধু কারিগরি শিক্ষা বোর্ডের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত