মির্জা ফখরুল বলেছেন

আ.লীগ দেশে রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়

আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ০৪:৩৫ এএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষমতাসীন আওয়ামী লীগকে ইঙ্গিত করে বলেছেন, ‘আওয়ামী লীগ দেশে রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। তাই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে গণ-আন্দোলনের মধ্য দিয়ে বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে।’ গতকাল মঙ্গলবার রাজধানীর বনানীর একটি হোটেলে ‘ডিজিটাল নিরাপত্তা আইন, গণতন্ত্র এবং সাংবিধানিক কাঠামো’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘শুধু ডিজিটাল নিরাপত্তা আইন নয়, তারা অসংখ্য আইন তৈরি করে সুযোগ নিচ্ছে, যাতে নাগরিকরা কথা বলতে ভয় পায়। ডিজিটাল নিরাপত্তা আইনে অনেককে মামলা দিয়ে জেলে নিয়ে যাওয়া হয়। অনেক সাংবাদিকের নামে এখনো মামলা আছে। কাজলকে (সাংবাদিক) গুম করে রাখা হলো, কীভাবে তার ওপর অত্যাচার করা হয়েছে তা তিনি নিজেই বর্ণনা করেছেন। তাদের একটাই লক্ষ্য, নাগরিকরা যেন নিজেদের অধিকার প্রয়োগ করতে না পারে ও কথা বলতে না পারে। এর কারণ হলো যাতে তারা তাদের মতো করে এখানে রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে। এখন একটি মাত্র পথ এদের ক্ষমতা থেকে সরাতে হবে।’ বিএনপি মহাসচিব বলেন, ‘ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার অবৈধ। এরা একটি দখলদার সরকার হিসেবে পুরোপুরি ভূমিকা রাখছে। আওয়ামী লীগ এখন তত্ত্বাবধায়ক সরকার মানতেই চায় না। তারা বলে এটা বাতিল হয়েছে, কবর হয়েছে। আপনারা যখন এ ব্যবস্থার দাবিতে আন্দোলন করেছিলেন। তখন কি এটা লাইফে বা জীবন্ত ছিল? আমরা তো আপনাদের দাবি মেনে নিয়েছিলাম। তত্ত্বাবধায়ক সরকার আমাদের সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছিল। নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচন দিতে হবে। এর মাধ্যমে সবার ভোটাধিকার ফিরে পাবে। ডিজিটাল আইন নামে এই কালাকানুন বাতিল করতে হবে।’

ডিজিটাল নিরাপত্তা আইন গণতন্ত্র পরিপন্থী : প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. মোশাররফ বলেন, ‘এ সরকার ক্ষমতায় থাকার জন্য সব যন্ত্র ব্যবহার করছে। এর একটি যন্ত্র হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন। এই ডিজিটাল আইন গণতন্ত্র পরিপন্থী। সরকার মুক্তিযোদ্ধা চেতনা ধ্বংস করে দিয়েছে। লুটপাট করে বিদেশে টাকা পাচার করেছে। আজ আমাদের কণ্ঠকে রোধ করতে তারা সব যন্ত্রকে ব্যবহার করছে। গণ-আন্দোলনের মাধ্যমে এ সরকারকে বিতাড়িত করতে হবে। এর কোনো বিকল্প নেই।’

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত