সিসিক নির্বাচন

আরিফুলের আর্জি তারেকের না

আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ০২:১৫ এএম

আরিফুল হক চৌধুরী সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র পদে আবার নির্বাচন করতে চান। এমন আর্জি লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে জানালে তিনি ‘না’ বলে দিয়েছেন বলে সূত্র জানিয়েছে। ফলে বাধ্য হয়েই আরিফুল হক গত মঙ্গলবার লন্ডনের একটি অনুষ্ঠানে ঘোষণা দিয়েছেন, এবার নির্বাচনে থাকছেন না তিনি। তবে তার এ ঘোষণা নিয়েও গুঞ্জন রয়েছে বলে সূত্রের দাবি।

লন্ডনের স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় মেনর পার্ক এলাকার রয়েল রিজেন্সি সেন্টারে যুবদলের ইফতার মাহফিল ও আলোচনা সভায় অংশ নিয়ে নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে প্রথম প্রকাশ্যে কথা বলতে গিয়ে আরিফুল হক বলেন, আমার সঙ্গে নেতার (তারেক রহমান) বৈঠক হয়েছে। তিনি আমাকে একটা সিগন্যাল দিয়েছেন। এটা রেড নাকি গ্রিন, তা সময় হলেই জানা যাবে।

সূত্র বলছে, লন্ডনের অভিজাত কিংস্টন এলাকায় গত সোমবার তারেক রহমানের সঙ্গে প্রায় সোয়া এক ঘণ্টা বৈঠক করেন আরিফুল হক। এ সময় আরিফ সিটি নির্বাচনে অংশ নেওয়ার অনুরোধ করলে তারেক রহমান তাতে সাড়া দেননি। বিনিময়ে তিনি আগামী সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে তাকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানান। তারেক রহমানের পক্ষ থেকে আরিফের দাবি বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে বলে সূত্র জানায়।

রয়েল রিজেন্সি সেন্টারে যুবদলের ইফতার মাহফিল আরিফুল হক আরও বলেন, ‘আমাদের দল এই স্বৈরাচারী ও ফ্যাসিস্ট সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না। এ সিদ্ধান্তে আমিও অটল। আন্দোলনের মাধ্যমেই আমাদের বিজয় অর্জিত হবে।’

বর্তমান সরকারের মন্ত্রীদের সঙ্গে আরিফের ঘনিষ্ঠতা আছে বলে বিএনপির রাজনীতিতে কানাঘুষা রয়েছে। সম্প্রতি দলীয় নীতি অমান্য করে ব্রাহ্মণবাড়িয়ার সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করে নির্বাচনে অংশগ্রহণ করেন বিএনপির নেতা উকিল আবদুস সাত্তার। উকিল আবদুস সাত্তার মডেলে সিলেটেও কিছু ঘটবে কি না তা নিয়ে গুঞ্জন ছিল। এর মধ্যেই গত ২ এপ্রিল হঠাৎ করে লন্ডন সফরে যান আরিফুল হক। এর পরদিনই সিলেট সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। অথচ গত ২২ মার্চ তিনি ঢাকায় ইউনাইটেড হাসপাতালে প্রায় সপ্তাহখানেক ভর্তি থেকে হার্টে তিনটি রিং পরান। তার লন্ডন সফরের বিষয়ে আরিফের ঘনিষ্ঠজনদের বরাত দিয়ে গণমাধ্যমেও খবর প্রকাশিত হয়, লন্ডনে অবস্থানরত তারেক রহমানকে ‘ম্যানেজ’ করতেই তিনি সেখানে গেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত