ভিজিএফের ৯ বস্তা চালসহ ইউপি সদস্য গ্রেপ্তার

আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ০১:১২ এএম

দিনাজপুরের পার্বতীপুরে ভিজিএফ কর্মসূচির ৯ বস্তা চাল বিতরণ না করে গোপনে বিক্রির জন্য মজুদ রাখায় এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার জিল্লুর রহমান (৫১) উপজেলার হামিদপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য। গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নিজ বাড়ি থেকে চালসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় ৩০ কেজি করে ৬টি চটের বস্তা ও আরও তিনটি চটের বস্তার চাল দুটি প্লাস্টিকের বস্তায় ঢেলে রাখা অবস্থায় সর্বমোট ২৭০ কেজি চাল জব্দ করা হয়।

পার্বতীপুর মডেল থানার ওসি আবুল হাসনাত খান বলেন, ‘শুক্রবার রাতে জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে উদ্ধার হওয়া চালসহ ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়। মামলা দায়ের শেষে শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ঈসমাইল বলেন, ‘প্রধানমন্ত্রীর উপহারের এসব চাল ১৭ এপ্রিলের মধ্যে বিতরণের নির্দেশনা ছিল। শুক্রবার রাতের ঘটনায় দ্রুত ঘটনাস্থলে গিয়ে চালসহ অভিযুক্ত ইউপি সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত