৯০ শতাংশ পোশাক কারখানায় বোনাস হয়েছে : বিজিএমইএ

আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ১১:৩৭ পিএম

প্রায় ৯০ শতাংশ পোশাক কারখানা গতকাল বুধবার পর্যন্ত উৎসব বোনাস পরিশোধ করেছে বলে জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)। সংগঠনটির সভাপতি ফারুক হাসান জানিয়েছেন, উৎসব বোনাস ছাড়াও ৯৮ দশমিক ৮৪ শতাংশ পোশাক কারখানা তাদের কর্মীদের মার্চের বেতনও পরিশোধ করেছে। এছাড়া ৮২ শতাংশের বেশি পোশাক কারখানা এপ্রিলের আংশিক বেতন পরিশোধ করেছে।

তিনি বলেন, যেসব কারখানা এখনো বোনাস পরিশোধ করেনি, সেগুলো বৃহস্পতিবার বা শুক্রবারের মধ্যে অর্থ পরিশোধ করতে পারে। তিনি জানান, অনেক কারখানা সময়মতো পণ্য চালান নিশ্চিত করতে ২১ এপ্রিল পর্যন্ত কাজ চালিয়ে যাবে।

ফারুক হাসান বলেন, প্রাথমিকভাবে মনে করা হয়েছিল যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ক্রয়াদেশ কম থাকায় অনেক কারখানা শ্রমিকদের সময়মতো অর্থ প্রদানে চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। কিন্তু এখন পর্যন্ত বেতন-ভাতা পরিশোধের অবস্থা ভালো। মাত্র কয়েকটি কারখানায় সমস্যার সম্মুখীন হলেও শ্রমিকদের বেতন দিতে স্বল্পতম সময়ে ঋণ অনুমোদনের জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করা হয়েছে।

বিজিএমইএ সভাপতি ইতিমধ্যে কারখানার মালিকদের তাদের গ্রামের বাড়িতে নির্বিঘে্ন যাতায়াত নিশ্চিত করতে শ্রমিকদের জন্য ছুটির ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত