শিবচরে পাওনা টাকা চাওয়ায় দুই ভাইকে পিটিয়ে জখম

আপডেট : ২১ এপ্রিল ২০২৩, ০১:০৪ এএম

মাদারীপুরের শিবচরে পাওনা টাকা ফেরত চাওয়া এবং বাকি না দেওয়ায় শফিকুল (৩৫) ও সবুজ (৩০) নামে দুই ভাইকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দ্বিতীয়খ- ইউনিয়নের নদীর পাড় বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ওই ইউনিয়নের মুজাফ্ফরপুর গ্রামের ইদ্রিস হাওলাদারের ছেলে। স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে সফিকুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সফিকুল ও সবুজ দুই ভাই নদীর পাড় বাজারে মুদি দোকান করেন। পাশাপাশি বিকাশ, ফ্লেক্সিলোড ও জ্বালানি তেলও বিক্রি করেন। কয়েক দিন আগে ওই দোকান থেকে বাকিতে তেল নিয়েছিলেন শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকার বাসিন্দা চুন্নু খানের ছেলে সাদ্দাম খান। সকালে সাদ্দাম তার কয়েকজন সঙ্গী নিয়ে আবারও দোকানে বাকিতে মোটরসাইকেলের তেল নিতে এলে সবুজ বাকি দিতে রাজি হননি। একপর্যায়ে কথা-কাটাকাটি হলে সবুজকে পিটিয়ে আহত করেন। এ সময় দোকানে থাকা তার ভাই সফিকুল এগিয়ে এলে তাকেও পিটিয়ে গুরুতর আহত করেন।

শিবচর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ঘটনাটি শোনার পর পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। তারা লিখিত অভিযোগ করেছেন। ঘটনা তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত