চাঁপাইনবাবগঞ্জ শহরের উদয়ন মোড় এলাকায় গত ১৯ এপ্রিল দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবলীগ নেতা ও শিবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর খাইরুল আলম জেম হত্যাকা-ের ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমানসহ ৪৮ জনের নামে মামলা হয়েছে। এদিকে এই হত্যা মামলায় পুলিশ ৫ আসামিকে গ্রেপ্তার করেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, নিহত খাইরুল আলম জেমের বড় ভাই মনিরুল ইসলাম বাদী হয়ে ২২ এপ্রিল সদর থানায় মামলা করেন। মামলায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মোখলেসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবলীগের বহিষ্কৃত সভাপতি সামিউল হক লিটন, জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক মেসবাহুল হক টুটুল, চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ হোসেন রানা, রানীহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত আলীসহ ৪৮ আসামির নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।
গতকাল সোমবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব জানান, এ হত্যা মামলার ৫ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলোÑ জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক মেসবাহুল হক টুটুল (৪২), মাসুদ রানা (৩৬), ইব্রাহিম ওরফে দাউদ ইব্রাহিম (৩০), শামীম রেজা (৩২) ও মিলন হোসেন (৩৩)।
সংবাদ সম্মেলনে জানানো হয় হত্যাকা-ে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
