বিএনপির চলমান সরকারবিরোধী আন্দোলনে শ্রমজীবী মানুষকে অধিকতর সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘গণতন্ত্র ও সুশাসন ছাড়া দেশের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই শ্রমজীবী মেহনতি মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে সচেষ্ট নয়। তাই শ্রমজীবী মানুষের স্বার্থবিরোধী ও ম্যান্ডেটবিহীন এ সরকারের পদত্যাগ ও নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অত্যন্ত জরুরি।’
গতকাল মঙ্গলবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় ও মহানগর নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় মির্জা ফখরুল এ কথা বলেন।
এ সময় মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আগামী সোমবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ ও র্যালি আয়োজনের সিদ্ধান্ত হয়।
জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে মে দিবসের গুরুত্ব তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী কর্তৃত্ববাদী দুঃশাসনে শ্রমজীবী মানুষ অত্যন্ত মানবেতর অবস্থায় দিনযাপন করছে। একদিকে শ্রমজীবী মানুষের অধিকার হরণ করা হচ্ছে, কর্মপরিবেশ বিনষ্ট হচ্ছে, কলকারখানা বন্ধ হয়ে যাওয়ার ফলে শ্রমিকরা বেকার হচ্ছে, অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিসহ জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় শ্রমিকরা পরিবার-পরিজন নিয়ে দিশেহারা।’ মে দিবসে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক ও কর্মসংকট দূরীভূত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই-সংগ্রামে অবতীর্ণ হওয়ার আহ্বান জানান তিনি।
এ ছাড়া শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক দলের শ্রমিক সমাবেশ সফল করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।
মতবিনিময় সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, কেন্দ্রীয় নেতা শামছুর রহমান শিমুল বিশ্বাস, এমরান সালেহ প্রিন্স প্রমুখ উপস্থিত ছিলেন।
