ট্রলারে ১০ মরদেহ : গ্রেপ্তার ২ আসামি ৫ দিনের রিমান্ডে

আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ০৫:৪১ পিএম

কক্সবাজার শহরের নাজিরারটেক সমুদ্র উপকূলে ট্রলার থেকে ১০ মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার দুই আসামি বাইট্টা কামাল এবং করিম সিকদারের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৬ এপ্রিল) দুপুরে আসামিদের ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হলে কক্সবাজার সদর আদালাতের সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট শ্রীজ্ঞান তঞ্চঙ্গা ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দূর্জয় বিশ্বাস।

তিনি বলেন, আদালতের আদেশ পাওয়ার পর বুধবার থেকে তাদের রিমান্ডে নেওয়া হচ্ছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের ৫ টি দল মাঠে কাজ করছে।

রিমান্ডে নেওয়ারা হলেন মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি মাতারবাড়ি এলাকার ট্রলার মালিক বাইট্টা কামাল এবং ৪ নম্বর আসামি ট্রলার মাঝি করিম সিকদার।

কক্সবাজার সদর থানায় ট্রলার মালিক সামশুল আলম ওরফে সামশু মাঝির স্ত্রী রোকেয়া বেগম বাদি হয়ে দায়ের করা মামলায় আসামিদের রিমান্ডে নেওয়া হয়। সামশু মাঝিও ওই ঘটনায় নিহত হয়েছিলেন।

রোববার গুরা মিয়া নামের এক ব্যক্তির মালিকানাধিন একটি ট্রলার সাগরে ভাসমান থাকা ট্রলারটি নাজিরারটেক উপকূলে নিয়ে আসে। আর ওই ট্রলারের হিমঘরে হাত-পা বাঁধা ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়।

ওই ট্রলারটির মালিক মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের হরিয়ারছড়া এলাকার ছনখোলা পাড়ার মৃত রফিক উদ্দিনের ছেলে সামশুল আলম প্রকাশ সামশু মাঝি। যার মরদেহ গ্রহণ করেছেন তার স্ত্রী রোকেয়া বেগম। ইতিমধ্যে দায়ের হওয়া মামলার বাদিও তিনি।

উল্লেখ্য, ভাসমান ট্রলারে অর্ধ গলিত ১০টি মরদেহের পরিচয় উদ্‌ঘাটনের কাজ চলছে। এখন পর্যন্ত ৬টি মরদেহের পরিচয় শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে বাকি ৪ জনের পরিচয় নিশ্চিতের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত