লাখনৌ সুপার জায়ান্টের সঙ্গে কাল খেলতে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ম্যাচ শেষে বিরাট কোহলির সঙ্গে বিবাদে জড়াতে দেখা গেছে গৌতম গম্ভীরকে। কথা কাটাকাটির মাত্রা এতটাই চরমে পৌঁছেছিল যে সতীর্থরা এগিয়ে না এলে তা হাতাহাতির পর্যায়ে চলে যেত। তবে প্রশ্ন হচ্ছে ঘটনার সূত্রপাত আসলে কোথায়?
ম্যাচের ১৭তম ওভারে কোহলির সঙ্গে প্রথম ঝামেলা বাধে নবীনেরই। সে সময় এক আম্পায়ার ও অমিত মিশরা এসে তাদের থামান।
এক ভিডিওতে দেখা গেছে, গম্ভীর-কোহলির বাদানুবাদের সূত্রপাত ব্যাঙ্গালুরুর জয়ের পর দুই দলের খেলোয়াড়দের হাত মেলানোর সময়। ম্যাচ চলাকালেই অবশ্য লাখনৌয়ের একটা করে উইকেট পড়ার পর নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে উল্লাস করেছিলেন কোহলি। লাখনৌয়ের ডাগআউটের দিকে তাকিয়ে মুখে আঙুল দিয়ে গম্ভীরকে চুপ করে থাকার ইঙ্গিত করেন কোহলি। স্ত্রী আনুশকা শর্মার জন্মদিনে তার দিকে উড়ন্ত চুম্বনও দিতে দেখা যায়।
আফগানিস্তানের নবীন আউট হওয়ার সময়ও বুনো উল্লাস করেন কোহলি। ক্যাপ খুলে মাটিতে ছুড়ে ফেলেন। সেটা ভালোভাবে নেননি নবীন। হাত মেলানোর সময় কোহলিকে তিনি কিছু একটা বলেন। পাল্টা জবাব দেন কোহলিও। এরপরই তেড়ে আসেন গম্ভীর। তুমুল বাগবিতণ্ডা শুরু হয় সেখানেই।
ভারতীয় ক্রিকেটের এত বড় মাপের দুই তারকার দ্বন্দ্ব ক্রিকেটপ্রেমীরা স্বাভাবিকভাবে নেননি। অনেকে দুজনকেই দুষছেন। একজন পুরোনো একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘এটা সেই ভিডিও, যখন গম্ভীর ম্যাচসেরার পুরস্কার কোহলিকে দিয়ে দিয়েছিলেন।’
গম্ভীর-কোহলি দুজনই রাজ্য দল দিল্লির হয়ে লম্বা সময় একসঙ্গে খেলেছেন। ২০১১ বিশ্বকাপ ফাইনালে দ্রুত ২ উইকেট হারানোর পর ভারতীয় ব্যাটিংয়ের হালও ধরেছিলেন এ দুজন। সেই তারাই আজ একে অপরকে সহ্য করতে পারেন না!