গম্ভীরকে উদ্দেশ্য করে যা বললেন বিরাট

আপডেট : ০২ মে ২০২৩, ০৫:১৪ পিএম

দুই সতীর্থের এক সময় দারুণ সুসম্পর্ক ছিল। তবে ২০১৩ সালে তা রূপ নেয় বৈরিতায়। সেই জের এখনও চলছে। যেটা ফের প্রকাশ পেয়েছে সোমবার রাতে। আইপিএলের ম্যাচে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মুখোমুখি হয়েছিল লাখনৌ সুপার জায়ান্ট। উত্তর প্রদেশের এই দলটির মেন্টরের দায়িত্ব পালন করছেন গম্ভীর। ম্যাচ শেষে কুশল বিনিময়ের সময়ে দুজনকে দেখা যায় বাকবিতন্ডায় জড়াতে।

সতীর্থরা মাঝখানে এসে না দাঁড়ালে এই কথা–কাটাকাটি হাতাহাতির পর্যায়ে চলে যেত। আচরণবিধি লঙ্ঘন করায় দুজনেরই ম্যাচ ফির পুরোটা কেটে নিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। এছাড়া লক্ষ্ণৌর আফগান পেসার নবীন হককে ম্যাচ ফির অর্ধেক জরিমানা করা হয়েছে।

ম্যাচ শেষে ড্রেসিংরুমেও এ ঘটনা নিয়ে কথা বলেছেন বিরাট কোহলি। বেঙ্গালুরুর ইউটিউব চ্যানেলে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, কোহলি জার্সি খুলে ড্রেসিংরুমে হেঁটে বেড়াচ্ছেন আর বলছেন।

ইউটিউবের ওই ভিডিওটা বেশি আলোচনায় আসছে গম্ভীরের সঙ্গে বাদানুবাদের প্রসঙ্গে কোহলির কথায়। সরাসরি গম্ভীরের নাম বলেননি কোহলি। তবে কথাগুলো কার উদ্দেশে, তা বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। তা কী বলেছেন কোহলি? ক্যামেরার দিকে সরাসরি তাকিয়ে কাউকে বার্তা দেওয়ার ভঙ্গিতে বলেছেন, ‘যদি তুমি এটা দিতে পারো, তাহলে নিতে পারার মানসিকতাও থাকতে হবে। নিতে না পারলে দিতে এসো না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত