৭৬তম কান উৎসবে সম্মানজনক পাম দ’র পুরস্কার পাচ্ছেন মার্কিন অভিনেতা-প্রযোজক মাইকেল ডগলাস। সিনেমায় বিশেষ অবদান রাখার জন্য দুইবারের অস্কারজয়ী অভিনেতাকে বিশেষ এই সম্মাননা দেওয়া হচ্ছে। বুধবার (০৩ মে) বিষয়টি নিশ্চিত করেছে উৎসব কমিটি।
জানা গেছে, আগামী ১৬ মে উদ্বোধনী আসরে সম্মাননা গ্রহণ করতে পালে দে ফেস্টিভাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়ের প্রেক্ষাগৃহে উপস্থিত হবেন মাইকেল ডগলাস।
এক বিবৃতিতে মাইকেল ডগলাস বলেন, ‘কান সৈকতে যাওয়া সবসময়ই তাজা বাতাসে শ্বাস নেওয়ার মতো প্রশান্তির বিষয়। এটি এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে বিশ্বের সাহসী ও শৈল্পিক নির্মাতারা শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পান।’
তিনি বলেন, ‘আমি ১৯৭৯ সালে ‘দ্য চায়না সিনড্রোম’ সিনেমার জন্য প্রথম কান উৎসবে যাই। এরপর ২০১৩ সালে ‘বিহাইন্ড দ্য ক্যান্ডেলাব্রা’র জন্য গিয়েছি। এই উৎসব আমাকে সবসময় মনে করিয়ে দিয়েছে যে, সিনেমার জাদু শুধু আমরা যে পর্দায় দেখি তা নয়, বরং এটি গোটা বিশ্বের মানুষকে প্রভাবিত করার দারুণ ক্ষমতা রাখে’।
তিনি আরও বলেন, ‘বিশ্বজুড়ে আমরা যে ভাষা ভাগ করেছি, এই উৎসবের মাধ্যমে সেই ভাষাগুলো আলিঙ্গন করতে পারা সম্মানের বিষয়। ৫০ বছরের সিনেমাজীবন পেরিয়ে এবার মনে হলো তার প্রতিদান পেতে যাচ্ছি’।
১৯৭৫ সালে মিলস ফরম্যানের ‘ওয়ান ফ্লিউ ওভার দ্য কুকোজ নেস্ট’ সিনেমার মাধ্যমে মাইকেল ডগলাসের পথচলা শুরু হয়। এটি তিনি সউল যায়েন্টজের সাথে যৌথভাবে প্রযোজনা করেন। প্রথম প্রযোজনা থেকেই মাইকেল ডগলাস নয়টি অস্কার মনোনয়ন পান। সে বছর সেরা সিনেমার পুরস্কার লাভ করে এটি।
৭৮ বছর বয়সী মাইকেল ডগলাসের ক্যারিয়ারে আছে ‘দ্য চায়না সিনড্রোম’, ‘বেসিক ইন্সটিক্ট’, ‘ফলিং ডাউন’ এবং ‘বিহাইন্ড দ্য ক্যান্ডেলাব্রা’র মতো সাড়া জাগানো সিনেমা। এছাড়াও মাইকেল ডগলাসের জনপ্রিয় আরও দুটি সিনেমা হলো ‘ওয়াল স্ট্রিট’ ও ‘ফ্যাটাল অ্যাট্রাকশন’।
৭৬তম কান উৎসবে একাডেমি পুরস্কার ও গোল্ডেন গ্লোব বিজয়ী অভিনেতা-প্রযোজককে শ্রদ্ধা জানাতে ‘মাইকেল ডগলাস, দ্য প্রোডিগাল সন’ নামের একটি তথ্যচিত্র প্রদর্শন করা হবে। এবারের উৎসবের সমাপ্তি হবে আগামী ২৭ মে।
