স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে আ.লীগ : ফখরুল

আপডেট : ০৫ মে ২০২৩, ০৩:১৪ এএম

‘কোনোমতেই স্বাধীনতাবিরোধীদের ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। কিন্তু দুঃখজনকভাবে আওয়ামী লীগ আজ স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।’ গতকাল বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে আয়োজিত এক স্মরণসভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।

‘কোনোমতেই স্বাধীনতাবিরোধীদের ক্ষমতায় আসতে দেওয়া যাবে না’ যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব এ কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, ‘আজ যে যুবক সমাজ, তারা কিন্তু মুক্তিযুদ্ধ দেখেনি; তারা এমন কিছু দেখছে, আমাদের মুক্তিযুদ্ধের যে স্বপ্ন, সবকিছু হরণ করে নেওয়া হচ্ছে। মানুষকে স্তব্ধ করে দেওয়া হচ্ছে, যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে, সংগ্রাম করছে; তাদের চরম বিপর্যয়ের মধ্যে অতিক্রম করতে হচ্ছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ একটি পুরনো দল; কিন্তু এই দলের যিনি প্রতিষ্ঠাতা, তাকেও তারা বাদ দিয়ে দিয়েছেন কারণ তার চিন্তা-চেতনার সঙ্গে পরবর্তী আওয়ামী লীগের কোনো মিল ছিল না। আজ যারা আওয়ামী লীগের সঙ্গে জড়িত আছেন, তাদের অধিকাংশই ১৯৭১ সালের স্বাধীনতার সঙ্গে যুক্ত ছিলেন না। এখন যারা স্বাধীনতার বিরোধী শক্তি হিসেবে আমাদের দিকে আঙুল তুলতে চান, তাদের প্রশ্ন করতে চাই-আপনারা কি বলতে পারবেন আপনাদের মধ্যে অধিকাংশ মুক্তিযোদ্ধা ছিলেন। আজ আওয়ামী লীগের যারা নেতা তাদের ক’জন মুক্তিযোদ্ধা।’

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ পুরনো কায়দায় একদলীয় শাসনব্যবস্থার দিকে এগিয়ে চলেছে। এ কথা বলতে কোনো দ্বিধা নেই, আওয়ামী লীগ আজ স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এই সরকার আজ স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।’ তিনি অভিযোগ করে বলেন, ‘আজ অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে সরকার ডিজিটাল নিরাপত্তা আইনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।’

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু। আয়োজক সংগঠনের সদস্য সচিব হাবিবুর রহমান বিজুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, গণফোরামের একাংশের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কু-সহ ভাসানী অনুসারী পরিষদের নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত